জাপানের টোকিও থেকে ঢাকার উদ্দেশে যাত্রার আগে কারিগরি ত্রুটির কারণে প্রায় চার ঘণ্টা বিলম্বের পর অবশেষে উড্ডয়ন করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটের দিকে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজটি।
উড়োজাহাজটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী দলের অন্য সদস্যরা রয়েছেন।
এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় উড্ডয়নের প্রস্তুতিকালে উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে উড়োজাহাজটি টার্মিনাল ছেড়ে রানওয়ের দিকে এগিয়ে যায়। তবে উড্ডয়নের আগেই সেটি রানওয়েতে থেমে যায়।
প্রায় ১৫ মিনিট পর পাইলট ইমামুল ঘোষণা করেন, কারিগরি সমস্যার কারণে উড়োজাহাজটি উড্ডয়ন করতে পারছে না। এ সময় তিনি জানান, দুই প্রকৌশলী ত্রুটি শনাক্ত ও সমাধানে কাজ করছেন। সমস্যা সমাধান হলে ফ্লাইটটি আবার যাত্রা শুরু করবে।
পরে উড়োজাহাজটি রানওয়ে থেকে ফিরিয়ে টারমাকে নেওয়া হয়। প্রয়োজনীয় কারিগরি কাজ শেষে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে এটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
জাপানে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর টোকিও থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী, ফ্লাইটটির বাংলাদেশ সময় রাত ১০টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল।
কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার যাত্রায় বিলম্ব হয়।