বাংলাভিশনের শরীয়তপুর প্রতিনিধি মো. ইলিয়াছ মাহমুদকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার, মানহানিকর পোস্ট প্রকাশ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে নড়িয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
সাংবাদিক ইলিয়াছ মাহমুদ জানান, শরীয়তপুরের সখিপুরের উত্তর তারাবুনিয়া এলাকার নাজমুল সরদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে ফেসবুকে বুস্ট করার সার্ভিস দেওয়ার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে সংবাদ প্রকাশের উদ্দেশ্যে তিনি প্রাথমিক তথ্য সংগ্রহ করছিলেন। বিষয়টি জানতে পেরে ওই ব্যক্তি কয়েকটি ফেসবুক আইডি থেকে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাতে শুরু করেন বলে অভিযোগ করেন তিনি।
ইলিয়াছ মাহমুদের দাবি, কয়েকটি ফেসবুক পেজে তাঁর পেশাগত পরিচয় জড়িয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট প্রকাশ করা হয়েছে। এসব পোস্টে দেওয়া বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে কথা বলতে অভিযুক্ত নাজমুল সরদারের ভাই মিলন সরদারের মোবাইল নম্বরে যোগাযোগ করেন তিনি। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পাশাপাশি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তাঁর।

এ ঘটনায় নিজের ব্যক্তিগত ও পেশাগত নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এই সাংবাদিক। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়ে নড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “এ বিষয়ে সাংবাদিক ইলিয়াছ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি।”
এ বিষয়ে অভিযুক্ত নাজমুল সরদার ও মিলন সরদারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।