আজ , , ,

পদ্মায় অবৈধ বালু উত্তোলন: ডিসি ও বিআইডব্লিউটিএ প্রকৌশলীকে হলফনামাসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলন নিয়ে  এবার বিষয়টি গড়িয়েছে হাইকোর্টে। জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি শেষে শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সংশ্লিষ্ট প্রকৌশলীকে নড়িয়ায় অবৈধ বালু উত্তোলনের বিষয়ে পৃথক হলফনামাসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গত ১৬ নভেম্বর বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত সোমবার আইনজীবী আদেশের অনুলিপি হাতে পান। আদালতের এ নির্দেশনার খবর ছড়িয়ে পড়ার পর শরীয়তপুরের নড়িয়াসহ পদ্মাপাড়ের ভাঙনকবলিত মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে স্থানীয়দের দাবি।

জানা গেছে, গত ২ অক্টোবর ‘শরীয়তপুরে পদ্মায় বালু উত্তোলনে ধসে গেছে তীররক্ষা বাঁধের ৫০ মিটার, দোকান ও বসতি সরিয়ে নিচ্ছে পদ্মাপাড়ের মানুষ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মহিবুল্লাহ খোকন গত ৫ নভেম্বর জনস্বার্থে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। ওই রিটের শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এদিকে নড়িয়া উপজেলার চরআত্রা ও নওপাড়া এলাকায় পদ্মা নদীতে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র শত শত ড্রেজার বসিয়ে নদীর তলদেশ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছে। এতে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে হাজার হাজার মানুষের বসতভিটা, ফসলি জমি, ফলজ ও বনজ বাগান এবং নদীরক্ষা বাঁধ।

ভুক্তভোগীদের অভিযোগ, দিনের বেলায় বালু উত্তোলন বন্ধের কথা বলা হলেও রাতের আঁধারে স্পিডবোট ও নিজস্ব লোকজনের পাহারায় চলে বালু উত্তোলন। আব্দুল আউয়াল চকিদার ও বাঁশতলা এলাকার কাশেম সিদ্দিকের অভিযোগ, এভাবে বালু উত্তোলনের মাধ্যমে একটি চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। অন্যদিকে পদ্মার ভাঙনে নিঃস্ব হচ্ছেন নদীতীরবর্তী সাধারণ মানুষ।

রাতের বেলা বালু উত্তোলনের স্থান থেকে শাকিল, শাহ আলম, মনির, কাদের বেলায়েত, নাসিমা বেগম ও সুরাইয়া বেগমসহ স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রশাসনের চোখের আড়ালে চরআত্রা ও নওপাড়াসহ বিভিন্ন স্থানে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। প্রায় অর্ধশত স্থানে শত শত ড্রেজার দিয়ে বালু তোলার কারণে তাঁরা প্রতিনিয়ত বসতভিটা হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে পদ্মায় আবারও ভয়াবহ ভাঙন দেখা দিতে পারে। সুরেশ্বর এলাকার আয়না বিবি বলেন, নদী থেকে বালু উত্তোলনের কারণে তাঁরা প্রতিনিয়ত ভাঙনের শঙ্কায় দিন কাটাচ্ছেন।

ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল ডা. মাহমুদ হোসাইন বকাউল বলেন, নদীতে তীব্র স্রোতের পাশাপাশি তলদেশ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙনের ঝুঁকি তৈরি হচ্ছে। ভাঙন প্রতিরোধে অবিলম্বে নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মো. মিলটন হোসেন বলেন, রাতের আঁধারে যারা বালু উত্তোলন করে, তারা একটি দুষ্টচক্র। তারা নদীর তীরের কাছ থেকেই বালু উত্তোলন করে। এতে নদীভাঙনের আশঙ্কা তৈরি হয়।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান বলেন, বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। রাতে মোবাইল টিম পরিচালনার অনুমতি না থাকায় দিনের বেলায় বাল্কহেডের সঙ্গে ট্র্যাকার লাগিয়ে দেওয়া হবে। এরপর রাতে সেগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ভাঙনকবলিত এলাকার বাসিন্দা শাহ আলমসহ কয়েকজন ভুক্তভোগী অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। একই সঙ্গে জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমকে অন্যত্র বদলির দাবিও জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে বক্তব্য জানতে জেলা প্রশাসককে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

হাইকোর্টের নির্দেশনার পর এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিবেদন ও পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন পদ্মাপাড়ের ভাঙনকবলিত মানুষ। তাঁদের প্রত্যাশা, আদালতের নির্দেশনার মধ্য দিয়ে দীর্ঘদিনের অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে এবং বসতভিটা ও নদীরক্ষা বাঁধ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com