আজ , , ,

নাশকতা ঠেকাতে ঢাকা-গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে দেশের সাত জেলায় মোট ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা ও গোপালগঞ্জ ছাড়াও বিজিবি মোতায়েন করা অন্য জেলাগুলো হলো নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার।

বিজিবি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট জেলাগুলোর শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা ও অন্যান্য সংবেদনশীল এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করে মাঠপর্যায়ের পরিস্থিতি তদারকি করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিটি ব্যাটালিয়নে ৫৫ থেকে ৫৭ প্লাটুন বিজিবি সদস্য থাকেন। আর প্রতিটি প্লাটুনে সদস্যসংখ্যা ২০ থেকে ৩০ জন।

কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্ব ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন তারা।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com