আজ , , ,

গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় অগ্নিসংযোগের অভিযোগ, বিচার দাবি ইউনূসের

দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের অভিযোগ তুলেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এসব হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে ড. ইউনূস অভিযোগ করেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পরিকল্পিতভাবে পেট্রোল বোমা হামলা চালানো হচ্ছে। হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, সাম্প্রতিক অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় একই কায়দায় হামলা চালানো হয়েছে। হামলার ধরন দেখে মনে হচ্ছে, অপরাধীদের প্রতিদিন এ ধরনের হামলার নির্দেশ দেওয়া হচ্ছে।

গ্রামীণ ব্যাংকের গুরুত্ব তুলে ধরে বিবৃতিতে ড. ইউনূস বলেন, প্রতিষ্ঠানটি দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাংক। এ বছর প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক মুহাম্মদ ইউনূস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

তিনি জানান, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। ঋণগ্রহীতারাই ব্যাংকটির মালিক। ফলে ব্যাংকটির ওপর হামলা এসব নারীর নিরাপত্তা, স্বাধীনতা এবং তাঁদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে আরও বলা হয়, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা কয়েকটি ঘটনায় অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন। এসব ঘটনায় লাখ লাখ গ্রামীণ নারীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁদের পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা ও অন্যান্য প্রয়োজন মেটাতে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ড. ইউনূস আরও অভিযোগ করেন, সহিংসতার ঘটনা শুধু গ্রামীণ ব্যাংকের শাখায় সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে প্রচারিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ড. ইউনূস বলেন, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। এমনকি ব্যাংকটির কোনো শেয়ারের মালিকও তিনি নন।

বিবৃতিতে আরও জানানো হয়, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চাওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, যেসব এলাকায় হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

তাঁর মতে, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলার সম্মিলিত প্রচেষ্টার ওপরও সরাসরি আঘাত। দরিদ্র নারীদের এই ব্যাংক রক্ষায় সবাইকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com