মা-বাবার আত্মত্যাগের মর্যাদা দেওয়া, শিক্ষকদের সম্মান করা, দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া এবং মানবিক মূল্যবোধ নিয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
রবিবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল কিংবা উচ্চশিক্ষার সনদ অর্জন করলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। মা-বাবার পরিশ্রম, ত্যাগ এবং শিক্ষকদের অবদানের যথাযথ প্রতিদান দিতে হলে ভালো ফলাফলের পাশাপাশি মানবিক গুণাবলি অর্জন করতে হবে।
মা-বাবার আত্মত্যাগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘তুমি যে সুন্দর চকচকে কাপড়টা পরছো, তোমার মা অথবা বাবা হয়তো একটা পুরোনো কাপড় পরছেন। তাদের সেই পুরোনো কাপড়ের বদৌলতেই তোমরা নতুন চকচকে কাপড় পাচ্ছো।’ এ সময় তিনি শিক্ষার্থীদের মা-বাবার কষ্ট উপলব্ধি করে তাঁদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।
সমাজের বৈষম্য ও মানবিক মূল্যবোধের অভাবের কথা তুলে ধরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সমাজে অনেকের অট্টালিকা ও বিলাসবহুল গাড়ি রয়েছে, অথচ পাশের বাড়ির মানুষটি কিংবা রাস্তার পাশে থাকা শিশুটি অনাহারে দিন কাটায়। সামর্থ্য থাকা সত্ত্বেও অসহায় মানুষের পাশে না দাঁড়ানো মানবিকতার পরিচয় নয়।
তিনি বলেন, একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং দেশের প্রতি গভীর মমত্ববোধ থাকা জরুরি। দেশপ্রেমকে ঈমানের অঙ্গ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশপ্রেম না থাকলে নাগরিক হিসেবে রাষ্ট্রের সুযোগ-সুবিধা ভোগ করা সম্ভব হলেও দেশের জন্য ইতিবাচক অবদান রাখা যায় না।
বক্তব্যে জুলাই-আগস্টের আন্দোলনের সময় শিশুদের হতাহতের বিষয়টিও তুলে ধরেন ডেপুটি স্পিকার। অভিভাবক ও শিক্ষকদের প্রতি শিশুদের মধ্যে মানবিকতা, ন্যায়বিচার এবং নতুন বাংলাদেশের স্বপ্ন জাগিয়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশ যেন আর কখনো অন্ধকারের সময়ে ফিরে না যায়। এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে আইনের দৃষ্টিতে সবাই সমান এবং প্রত্যেক নাগরিক নিজের অধিকার ও মর্যাদা নিয়ে বাঁচতে পারবেন। গারো, হাজং, হিন্দু কিংবা মুসলমান—ধর্ম ও জাতিগত পরিচয় নির্বিশেষে সবাই বাংলাদেশের নাগরিক এবং সবার সমান নাগরিক অধিকার রয়েছে।
শিক্ষকদের রাজনৈতিক ভূমিকা নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, একজন নাগরিক হিসেবে শিক্ষকের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতার দায়িত্ব পালনের সময় তাঁর প্রধান পরিচয় হবে শিক্ষক। রাজনৈতিক মতাদর্শ নির্বাচনের দিন ব্যালটের মাধ্যমে প্রকাশ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ কিংবা ক্ষমতার প্রভাব বিস্তার করা উচিত নয়।
শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক বিভাজনের বাইরে রেখে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে রাষ্ট্রের অর্থে বেতন-ভাতা গ্রহণকারী শিক্ষক-কর্মচারীদের জনগণের প্রতি দায়বদ্ধতা ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে নিজের নির্বাচনী এলাকা কলমাকান্দার উন্নয়ন প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, সীমিত সামর্থ্যের মধ্যেও এলাকার রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ চলছে। কলমাকান্দাকে একটি সুন্দর ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।