আজ , , ,

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ চান গ্রাহকেরা, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ইসলামী ব্যাংক বাংলাদেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছেন ব্যাংকটির গ্রাহকেরা। নির্ধারিত সময়ের মধ্যে পর্ষদ গঠন করা না হলে প্রশাসক জহির হোসেনকে ব্যাংকে দায়িত্ব পালন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

গ্রাহকদের অভিযোগ, প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন জহির হোসেন। কিন্তু প্রায় পাঁচ মাস পার হলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় তার দায়িত্বে থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন গ্রাহকেরা।

রোববার (২২ নভেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ আলটিমেটাম দেওয়া হয়। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনটির সদস্য সচিব মোতাছিম বিল্লাহ।

ব্যাংকে এস আলমের হস্তক্ষেপ বন্ধ এবং সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের নিয়ে পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে এ কর্মসূচি পালন করেন গ্রাহকেরা।

সমাবেশে মোতাছিম বিল্লাহ বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ইসলামী ব্যাংককে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়েছিল। তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের নেতৃত্বে ব্যাংকটির পুনর্গঠন প্রক্রিয়াও শুরু হয়। কিন্তু ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে ব্যাংকটির ব্যবস্থাপনায় আবারও পরিবর্তন আনা হয়।

তিনি বলেন, ওমর ফারুক খান ও তৎকালীন চেয়ারম্যান জুবাইদুর রহমানকে সরিয়ে দেওয়া হয়। পরে খুরশীদ আলমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও গ্রাহকদের প্রতিবাদের মুখে তিনি দায়িত্ব নিতে পারেননি। এরপর মাত্র তিন ঘণ্টার ব্যবধানে বাংলাদেশ ব্যাংক জহির হোসেনকে প্রশাসক নিয়োগ দেয়।

মোতাছিম বিল্লাহর দাবি, প্রশাসকের দায়িত্ব নেওয়ার সময় জহির হোসেন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করে দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও পর্ষদ গঠনের দৃশ্যমান উদ্যোগ নেই। এতে ব্যাংকটির ভবিষ্যৎ নিয়ে গ্রাহকদের উদ্বেগ বাড়ছে।

ব্যাংকের নির্বাহী নিয়োগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন গ্রাহক ফোরামের সদস্য সচিব। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ব্যাংকে দায়িত্ব পালন করা অভিজ্ঞ নির্বাহীদের চাকরির বয়সসীমা শেষ হওয়ার আগেই চুক্তিভিত্তিক নিয়োগের পর সরিয়ে দেওয়া হয়েছে। অথচ পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের আগেই নতুন করে দুজন নির্বাহীকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগের কারণ ও প্রক্রিয়া নিয়েও প্রশ্ন রয়েছে গ্রাহকদের।

জহির হোসেনের উদ্দেশে মোতাছিম বিল্লাহ বলেন, ‘আপনি যদি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ দিতে না পারেন, নির্বাহীদের ইসলামী ব্যাংকে রাখতে না পারেন, তাহলে নতুন করে দুজন নির্বাহীকে কীভাবে ডিএমডি পদে নিয়োগ দিলেন? আমরা স্বচ্ছতার আড়ালে ধোঁকা দেখতে পাচ্ছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ নিয়ে আসতে না পারলে আপনার মতো জহির সাহেবের ইসলামী ব্যাংকে কোনো প্রয়োজন নেই।’

সমাবেশে গ্রাহক আবুল খায়ের আজাদ বলেন, ইসলামী ব্যাংককে রক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন গ্রাহকেরা। একসময় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যাংকটিকে সঠিক পথে ফিরিয়ে আনতে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের পরিচালনায় ফিরিয়ে আনা জরুরি।

তিনি বলেন, পরিচালনা পর্ষদ গঠনে যোগ্যতা, অভিজ্ঞতা ও পেশাদারত্বকে গুরুত্ব দিতে হবে। নির্বাচনের আগে সরকার সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার বাস্তবায়ন চান গ্রাহকেরা। ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করে গ্রাহকদের দাবি পূরণের আহ্বান জানান তিনি।

সমাবেশে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের নেতাকর্মী, নারী গ্রাহক ও সাধারণ গ্রাহকেরা অংশ নেন। কর্মসূচি শেষে তারা বিক্ষোভ মিছিল করেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com