গত বছর মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সেরা ৩০-এ জায়গা করে নিয়েছিলেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। এবার প্রতিযোগী হিসেবে নয়, বরং বন্ধুর অনুপ্রেরণা হয়ে একই মঞ্চে বাংলাদেশের নতুন প্রতিনিধি সামিরা খান মাহির পাশে দাঁড়িয়েছেন তিনি। বন্ধুকে সমর্থন জানাতে ২৪ ঘণ্টার দীর্ঘ বিমানযাত্রা শেষে সুদূর পুয়ের্তো রিকোয় পৌঁছেছেন মিথিলা।
ক্যারিবীয় অঞ্চলের দেশ পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম মিস ইউনিভার্সের আয়োজন। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। বন্ধুর জীবনের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে সরাসরি পাশে থাকতে পুয়ের্তো রিকোয় ছুটে যান মিথিলা।
সেখানে পৌঁছেই মাহির সঙ্গে দেখা করেন তিনি। দুই বন্ধুর আবেগঘন আলিঙ্গনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন মিথিলা। ভিডিওর সঙ্গে ১৫ বছরেরও বেশি সময়ের বন্ধুত্বের স্মৃতিচারণ করে আবেগঘন একটি বার্তাও দিয়েছেন তিনি।
মিথিলা লিখেছেন, ‘১৫ বছরেরও বেশি সময়ের বন্ধুত্ব, একসাথে বড় হওয়া। আজ পুয়ের্তো রিকোর মিস ইউনিভার্সের মঞ্চে এই মুহূর্তটা আমাদের দুজনের জন্যই কতটা স্পেশাল, ভাষায় প্রকাশ করা কঠিন। ২৪ ঘণ্টার ক্লান্তিকর ফ্লাইট জার্নি শেষ করে যখন সরাসরি মাহির কাছে ছুটে গেলাম আর জড়িয়ে ধরলাম, তখন মনে হলো আমাদের ছোটবেলার সব স্বপ্ন যেন আজ এক সুতোয় গেঁথে গেছে।’
বন্ধুর অর্জনে গর্ব প্রকাশ করে মিথিলা আরও লেখেন, ‘প্রিয় মাহি (আমাদের মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬), তুই আজ শুধু নিজের জন্য নয়, পুরো বাংলাদেশকে বিশ্বমঞ্চে বুক ফুলিয়ে প্রতিনিধিত্ব করছিস। তোর এই পরিশ্রম, আত্মবিশ্বাস আর সততা আমার বুকটা গর্বে ভরে দেয়। তোর পাশে থাকতে পেরে, এই ঐতিহাসিক মুহূর্তে তোর হাতটা ধরে রাখতে পেরে আমার কী যে আনন্দ হচ্ছে, তা বোঝাতে পারব না।’
এ সময় মিস ইউনিভার্সের পিপলস চয়েস বিভাগে বাংলাদেশের প্রতিনিধি মাহিকে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান মিথিলা। সবাইকে একসঙ্গে মাহির পাশে দাঁড়িয়ে ভোট দেওয়ার অনুরোধ করেন তিনি।
উল্লেখ্য, ২০২৫ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন তানজিয়া জামান মিথিলা। ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি। মিস ইউনিভার্সের ইতিহাসে সেটিই ছিল বাংলাদেশের প্রথম টপ ৩০ অর্জন।
এবার নিজের প্রতিযোগিতার অভিজ্ঞতা পেছনে রেখে বন্ধুর সাহস ও অনুপ্রেরণা হয়ে পাশে দাঁড়িয়েছেন মিথিলা। আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর সান জুয়ানের হোসে মিগেল আগ্রেলো কলিসিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৭৫তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে।