২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য প্রায় ৩১ কোটি পাঠ্যবই ছাপানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা। এবার বই ছাপানোর দায়িত্ব পেয়েছে ১১২টি ছাপাখানা। তবে মোট কাজের অর্ধেকের বেশি পেয়েছে মাত্র ২৫টি প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানের প্রকৃত মালিকও মাত্র ১২ থেকে ১৪ জন।
বিপুল অঙ্কের কাজ পাওয়া প্রভাবশালী ছাপাখানাগুলোর বিরুদ্ধে নিম্নমানের কাগজে বই ছাপানোসহ নানা অনিয়মের অভিযোগ উঠলেও তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়ার নজির নেই। অন্যদিকে, তুলনামূলক কম কাজ পাওয়া ছোট ও মাঝারি ছাপাখানাগুলোকে দেওয়া হচ্ছে একের পর এক শোকজ নোটিশ।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, অল্পসংখ্যক বই ছাপানোর কাজ পাওয়া ১৫টি প্রতিষ্ঠানকে অন্তত ৩০ থেকে ৩২ বার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। মুদ্রণশিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের অভিযোগ, বড় প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় না এনে ছোট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এমন পদক্ষেপ অনেকটা লোকদেখানো।
তাদের দাবি, প্রভাবশালী ব্যবসায়ীদের একটি গোষ্ঠী পাঠ্যবই ছাপানোর বড় অংশ নিয়ন্ত্রণ করছে। দরপত্রের মূল্য নির্ধারণ, কাজ বণ্টন থেকে শুরু করে বইয়ের মান যাচাইয়ের ক্ষেত্রেও তাদের প্রভাব রয়েছে। ফলে ছোট প্রতিষ্ঠানগুলোর সামান্য ত্রুটিও কঠোরভাবে দেখা হলেও বড় ছাপাখানাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে শিথিলতা।
বিষয়টি স্বীকার করেছেন এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু। তিনি জাগো নিউজকে বলেন, ‘বড় প্রতিষ্ঠানগুলো যে ভুল করে না, তা নয়। তবে এবার অন্তত এক কোটি বই ছাপার কাজ পেয়েছে, এমন কোনো প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি।’
বই ছাপার অর্ধেকের বেশি কাজ ২৫ প্রতিষ্ঠানের হাতে
এনসিটিবির তথ্য অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর কাজ পেয়েছে মোট ১১২টি ছাপাখানা। এসব বই ছাপাতে ব্যয় হবে প্রায় দুই হাজার কোটি টাকা।
এর মধ্যে মোট কাজের ৫০ শতাংশের বেশি পেয়েছে মাত্র ২৫টি প্রতিষ্ঠান। সংশ্লিষ্টদের দাবি, এসব প্রতিষ্ঠানের প্রকৃত মালিক ১২ থেকে ১৪ জন। অর্থাৎ, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে কাজ বণ্টন হলেও পাঠ্যবই ছাপানোর বড় অংশের নিয়ন্ত্রণ রয়েছে সীমিতসংখ্যক ব্যবসায়ীর হাতে।
বই ছাপানোর কাজে এগিয়ে যেসব প্রতিষ্ঠান
মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবই ছাপানোর কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে রয়েছে কর্ণফুলী আর্ট প্রেস। প্রতিষ্ঠানটি পেয়েছে ১ কোটি ২৫ লাখ ৮২ হাজার ৫২৪টি বই ছাপানোর দায়িত্ব।
এ ছাড়া অগ্রণী প্রিন্টিং প্রেস পেয়েছে ১ কোটি ৪ লাখ ৩৯ হাজার ৭০৪টি বইয়ের কাজ। মাস্টার সিমেক্স পেয়েছে প্রায় ৯০ লাখ বই ছাপানোর দায়িত্ব।
বেশি কাজ পাওয়া অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অটো প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, লেটার অ্যান্ড কালার লিমিটেড, নয়নমণি প্রিন্টার্স, মৌসুমী অফসেট প্রেস, বারতোপা প্রিন্টার্স লিমিটেড, নুর বাণী প্রিন্টিং প্রেস, কচুয়া প্রেস অ্যান্ড পাবলিকেশন এবং ব্রাইট প্রিন্টিং প্রেস লিমিটেড।
প্রায় দুই হাজার কোটি টাকার পাঠ্যবই ছাপানোর এই বিশাল কর্মযজ্ঞে কাজ বণ্টন ও মান নিয়ন্ত্রণে সমতা নিশ্চিত করা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও ব্যবস্থা না নেওয়া এবং ছোট প্রতিষ্ঠানগুলোকে বারবার শোকজ করার ঘটনায় মুদ্রণশিল্পে বৈষম্যের অভিযোগ আরও জোরালো হচ্ছে।