বিয়ারিং প্যাডে ত্রুটি ও অতিরিক্ত কম্পন, পরিদর্শনে আসছে বিশেষজ্ঞ দল; যানজট এড়াতে সতর্ক হাইওয়ে পুলিশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর নির্মিত চট্টগ্রামমুখী সেতুর দুই লেন বন্ধ রাখা হয়েছে। সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি ও অতিরিক্ত কম্পন দেখা দেওয়ায় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
এ পরিস্থিতিতে যান চলাচল সচল রাখতে পাশের নতুন দুই লেনের সেতু দিয়ে ঢাকা ও চট্টগ্রাম উভয়মুখী যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
দাউদকান্দি টোল প্লাজা ও সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রামমুখী সেতুর কুমিল্লা অংশের বিয়ারিং প্যাডে অতিরিক্ত কম্পন দেখা দেওয়ায় নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুটির দুই লেন বন্ধ রাখা হয়েছে। সোমবার একটি বিশেষজ্ঞ দল সেতুটি সরেজমিনে পরিদর্শন করবে। পরিদর্শনের পর ত্রুটির প্রকৃত ধরন এবং মেরামতে কত দিন সময় লাগতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।
যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পাশের নতুন দুই লেনের সেতু দিয়ে উভয়মুখী যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে নির্বাহী প্রকৌশলী আশা প্রকাশ করেন, এতে মহাসড়কে যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটবে না।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ বলেন, সড়ক ও জনপথ বিভাগ থেকে সেতুর ত্রুটির বিষয়টি জানানো হয়েছে। মেরামতের জন্য চট্টগ্রামমুখী সেতুর দুই লেন বন্ধ রাখা হয়েছে। বিকল্প সেতু দিয়ে উভয়মুখী যান চলাচল নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশ প্রস্তুত রয়েছে। আশা করা হচ্ছে, এতে যানজট বা ভোগান্তি তৈরি হবে না।
তবে বিষয়টি নিয়ে কিছুটা আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, সেতুর ত্রুটির খবর আরও আগে জানানো হলে যাত্রী ও সাধারণ মানুষকে আগেভাগে সতর্ক করা এবং যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া সহজ হতো।
উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর নির্মিত পুরোনো সেতু দিয়ে সাধারণত চট্টগ্রামমুখী এবং নতুন দুই লেনের সেতু দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করে।
এর আগেও বিভিন্ন সময়ে মেরামতের প্রয়োজনে পুরোনো সেতুটি বন্ধ রাখা হয়েছিল। তখন নতুন সেতু দিয়ে উভয়মুখী যান চলাচল করায় যানজটের আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মুন্সীগঞ্জের ভবেরচর ও কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ সদস্যদের সেতুর দুই প্রান্তে বাড়তি সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে হয়েছিল।