শরীয়তপুর জেলা পুলিশ লাইন্সে নারকেল গাছে উঠে ডাব পাড়তে গিয়ে নিচে পড়ে সাহেব আলী চোকদার (সর্দার) নামে এক পরিচ্ছন্নতাকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পথে বিকেল ৫টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় তাঁর মৃত্যু হয়।
নিহত সাহেব আলী শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত মতিন চোকদারের ছেলে। একসময় পালং তুলাশার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়ে দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে আউটসোর্সিংয়ের মাধ্যমে শরীয়তপুর জেলা পুলিশ লাইন্সে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জেলা পুলিশ লাইন্সের দেয়ালসংলগ্ন একটি নারকেল গাছে ডাব পাড়তে ওঠেন সাহেব আলী। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে পুলিশের অ্যাম্বুলেন্সে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়।
এদিকে নিহতের দাফন সম্পন্ন করতে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা পুলিশ। পাশাপাশি ভবিষ্যতেও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান জানান, সাহেব আলী জেলা পুলিশ লাইন্সে আউটসোর্সিংয়ের কর্মী হিসেবে কাজ করতেন। ডাব পাড়তে গাছে উঠে দুর্ঘটনাবশত নিচে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।