ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সরকারের এ অবস্থানের কথা জানান।
শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর আকাশপথে বাংলাদেশে ফিরতে চান বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, তিনি যেখানেই অবস্থান করুন না কেন, বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলে তাঁকে গ্রেপ্তার করা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত অন্যান্য দণ্ডিত পলাতক আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইন যেভাবে প্রয়োগ করা হয়, শেখ হাসিনার ক্ষেত্রেও একই আইন অনুসরণ করা হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের বিশেষ সুবিধা বা ব্যতিক্রমী আচরণের সুযোগ নেই।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দণ্ডিত আসামি। তাঁর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য অভিযোগ রয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
শামা ওবায়েদ ইসলাম পুনর্ব্যক্ত করেন, বিদেশে অবস্থানরত দণ্ডিত ব্যক্তিদের বিষয়ে বাংলাদেশের আইন ও সরকারের যে অবস্থান রয়েছে, শেখ হাসিনার ক্ষেত্রেও তা অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য, শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার বিষয়ে রয়টার্সের একটি প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।