গাজীপুরের শ্রীপুর ও মহানগরীর কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা এবং শ্রমিক মৃত্যুর গুজবকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে।
শ্রীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা
সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুরের বাঘের বাজার, মেম্বারবাড়ী ও ভবানীপুর এলাকার কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এরপর শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হয়ে অবরোধের চেষ্টা করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে সিল্কেন সুইং, আর অ্যান্ড জি (বিডি) গার্মেন্টস কোম্পানি লিমিটেড, মন্ডল ইন্টিমেন্টস, গোল্ডেন রিফিট গার্মেন্টস ও মেঘনা হাই ফ্যাশন।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঘের বাজার এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়। পরে নতুন বাজার এলাকার পরমাণু কৃষি গবেষণা কেন্দ্রের সামনে শ্রমিকরা মহাসড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেয়।
এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ভবানীপুর থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষিপ্ত অবস্থানের কারণে যান চলাচল ব্যাহত হয়।
পরে নতুন বাজার থেকে শ্রমিকদের একটি মিছিল গড়গড়িয়া মাস্টারবাড়ীর দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। শিরিরচালা এলাকাতেও শ্রমিকরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, আশপাশের অনেক কারখানা ছুটি ঘোষণা না করায় সেসব কারখানার শ্রমিকরা ভেতরে কাজ বন্ধ রেখে অবস্থান করছেন। তাঁদের বক্তব্য, আন্দোলনে অংশ নেওয়া ও না নেওয়া—সব শ্রমিকেরই বেতন বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করতে হবে। কিছু শ্রমিক রাস্তায় আন্দোলন করবেন, আর অন্যরা কারখানায় কাজ করবেন—এ ধরনের বৈষম্য তাঁরা মেনে নেবেন না।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
কোনাবাড়ীতে শ্রমিক মৃত্যুর গুজবে উত্তেজনা
অন্যদিকে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মঙ্গলবার সকালে ইসলাম ও রিপন গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সংশ্লিষ্ট কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ জানায়, সকাল পৌনে ১০টার দিকে শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে আঞ্চলিক সড়কে অবস্থান করে অবরোধ করেন। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
দুই এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়কে অবস্থানের ঘটনায় যান চলাচল ব্যাহত হয়। বিশেষ করে শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং কোনাবাড়ীর আঞ্চলিক সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করতে হয়।