আজ , , ,

টানা বৃষ্টিতে পানির নিচে রসুন-পেঁয়াজের ক্ষেত, লোকসানের শঙ্কায় শরীয়তপুরের কৃষক

কয়েক দিনের টানা বৃষ্টিতে শরীয়তপুরের বিভিন্ন এলাকায় রসুন ও পেঁয়াজের ক্ষেত জলমগ্ন হয়ে পড়েছে। জমিতে পানি জমে পচে যাচ্ছে সদ্য রোপণ করা বীজ ও চারা। এতে নতুন মৌসুমে ভালো ফলনের স্বপ্ন দেখা কৃষকদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা। আগের মৌসুমের লোকসান কাটিয়ে ওঠার চেষ্টা করতে গিয়ে আবারও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক কৃষিজমি বৃষ্টির পানিতে তলিয়ে আছে। কোথাও রসুন-পেঁয়াজের গাছের গোড়া পচে হলুদ হয়ে যাচ্ছে, আবার কোথাও সদ্য গজানো চারা মাটিতে নুয়ে পড়েছে। ফসল রক্ষায় কেউ সেচপাম্প দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন, আবার কেউ নিজ উদ্যোগে জমির পানি সরানোর কাজে ব্যস্ত। তবে অনেক ক্ষেতেই শেষ রক্ষা হচ্ছে না।

নড়িয়া উপজেলার মীরবহর কান্দি এলাকার কৃষক সমেদ মিয়ার এবারের রসুন আবাদ ছিল ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। ১৬০ শতাংশ জমিতে রসুন চাষ করতে তাঁর খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। পুরো টাকাই ধারদেনা করে জোগাড় করেছিলেন তিনি। কিন্তু টানা বৃষ্টিতে তাঁর ১২০ শতাংশ জমির রসুন পানিতে তলিয়ে গেছে। বর্তমানে মাত্র ৪০ শতাংশ জমির ফসল টিকে আছে।

সমেদ মিয়া বলেন, এক কানি (১৬০ শতাংশ) জমির মধ্যে মাত্র ৪০ শতাংশের মতো ফসল টিকে আছে। বাকি সব পানিতে নষ্ট হয়ে গেছে। এক লাখ টাকাই ধার করে রসুন আবাদ করেছি। এখন কীভাবে এই ক্ষতি সামাল দেব, বুঝতে পারছি না। সরকার সহযোগিতা করলে অনেক উপকার হতো।

একই উপজেলার ডগ্রি এলাকার কৃষক আহম্মদ খাঁর অবস্থাও একই রকম। এক সপ্তাহ আগে দুই বিঘা জমিতে রসুন রোপণ করেছিলেন তিনি। কিন্তু টানা বৃষ্টিতে পুরো ক্ষেত পানির নিচে চলে গেছে। এখন সেচপাম্প দিয়ে জমির পানি সরানোর চেষ্টা করছেন। পানি দ্রুত কমলে কিছু ফসল রক্ষা পাবে বলে আশা করছেন তিনি।

আহম্মদ খাঁ বলেন, এবার অনেক বড় ক্ষতি হয়ে গেল। গত বছর রসুন চাষ করে উৎপাদন খরচও তুলতে পারিনি। এবার নতুন করে আশা নিয়ে আবাদ করেছিলাম। এমন ক্ষতি হবে ভাবতে পারিনি। কৃষি বিভাগ যেন বিনামূল্যে নতুন করে বীজ ও সার দেওয়ার ব্যবস্থা করে।

কৃষকদের আশঙ্কা, দ্রুত জমির পানি নিষ্কাশন করা না গেলে আরও বেশি পরিমাণ রসুন-পেঁয়াজের চারা নষ্ট হবে। নতুন করে আবাদ করতে হলে জমি প্রস্তুত, বীজ ও সার কেনাসহ অতিরিক্ত খরচ বহন করতে হবে। আগের মৌসুমের লোকসানের বোঝা নিয়ে নতুন ক্ষতি সামাল দেওয়া তাঁদের জন্য কঠিন হয়ে পড়বে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শরীয়তপুর জেলায় ৪ হাজার ৭০৬ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মুড়িকাটা পেঁয়াজ ৪ হাজার ৩৫০ হেক্টর, হালি পেঁয়াজ ৩৫০ হেক্টর এবং বীজ উৎপাদনের জন্য ৬ হেক্টর জমি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ৫ হাজার ২৫০ হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে।

টানা বৃষ্টিতে শুধু রসুন ও পেঁয়াজ নয়, সরিষা এবং বিভিন্ন ধরনের সবজির ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাব অনুযায়ী, বৃষ্টিতে ১৪২ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহীদুল আলম বলেন, টানা বৃষ্টিতে রসুন, পেঁয়াজ, সরিষা ও বিভিন্ন সবজির ক্ষেত আক্রান্ত হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে কিছু জমির ফসল রক্ষা করা সম্ভব হতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা যোগাযোগ করলে অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে তাঁদের প্রণোদনার আওতায় আনার চেষ্টা করা হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com