আগের চেয়ে সাড়ে ৪ হাজার টাকা বাড়ল বেতন, চার গ্রেডে মজুরি চূড়ান্ত
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মজুরি কাঠামোয় চারটি গ্রেডে শ্রমিকদের বেতন নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড।
মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রেড-১-এর শ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড-৪-এর শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা।
বোর্ড সূত্রে জানা যায়, প্রথম তিনটি গ্রেডের মজুরি সদস্যদের সর্বসম্মতিক্রমে চূড়ান্ত করা হয়। তবে গ্রেড-৪-এর মজুরির বিষয়ে সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, নতুন মজুরি কাঠামোতে কোনো গ্রেডের শ্রমিকের বর্তমান প্রাপ্ত মজুরি সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই হাজার টাকা সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার দীর্ঘ বৈঠকে মালিকপক্ষ শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা করার প্রস্তাব দেয়। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করে।
তবে মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেন শ্রমিক প্রতিনিধিরা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ধরনের ব্যবধান থাকায় ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরে উভয় পক্ষ নিজেদের প্রস্তাব পুনর্বিবেচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়।
সেই ধারাবাহিকতায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হলো। নতুন এই সিদ্ধান্তের ফলে তৈরি পোশাক খাতের সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি আগের তুলনায় ৪ হাজার ৫০০ টাকা বাড়ছে।