রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত দেড়টার দিকে নগরীর জাদুঘর মোড় ও সদর হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে।
জানা গেছে, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাফায়েত হোসেন মান্নাতের নেতৃত্বে মহানগর ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক মিলন (লিমন) ও তাঁর অনুসারীদের ওপর হামলা চালানো হয়। হামলার শিকার নেতাকর্মীদের অভিযোগ, এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতা ছিল।
ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যে লিমন জানান, মামলার আসামি ও ১১ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাইনুরকে রাজপাড়া থানার টিভি পুকুর এলাকা থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাফায়েত হোসেন মান্নাতের এক চাচাতো ভাই ওই এলাকায় আওয়ামী লীগের কথিত সন্ত্রাসীদের সঙ্গে বৈঠক করছিলেন বলে দাবি করেন তিনি।
লিমনের অভিযোগ, শাইনুরকে পুলিশের হাতে তুলে দেওয়ার কাজে অন্য পক্ষ বাধা দেয়। পরে তাঁকেও ছাত্রলীগের সহযোগী হিসেবে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর বাসায় ফেরার পথে সদর হাসপাতাল মোড়ে শাফায়েত হোসেন মান্নাতের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।
এ ঘটনায় ছাত্রলীগের সহযোগিতার অভিযোগ তুলে লিমন বলেন, হামলায় ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনার সময় রাজশাহী মহানগর যুবদলের দুই যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব ও ইসমাইল আলী রাহিসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।
অন্যদিকে, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুই পক্ষের মধ্যে কয়েক দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রের পাশাপাশি পিস্তল ও বোমা ব্যবহারের অভিযোগও উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লিমন ও তাঁর অনুসারীরা সদর হাসপাতাল মোড়ে অবস্থান করছিলেন। এ সময় পাঁচ থেকে সাতটি মোটরসাইকেলে করে মান্নাতসহ একটি দল সেখানে আসে। একপর্যায়ে তারা উপস্থিত নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন বলে জানা গেছে।
ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে লিমন বলেন, যারা দিনরাত ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করছেন, তাদের ওপরই যদি ছাত্রলীগের সহযোগিতায় হামলা হয়, তাহলে তারা কার কাছে প্রতিকার চাইবেন? তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি হামলাকারী ও নেপথ্যে জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তির দাবি জানান।
এ ঘটনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছেও প্রতিকার চেয়েছেন লিমন। তাঁর ভাষ্য, মহানগর ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকেও নিজ দলের নেতাকর্মীদের হামলার শিকার হতে হয়েছে। বিষয়টি ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বকেও জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান বলেন, মঙ্গলবার দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কারা জড়িত এবং কারা দোষী, তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে সংঘর্ষের ঘটনায় ওঠা অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও পুলিশের তদন্তের ফল এখনো জানা যায়নি।