Sunday, 4th October, 2026

সাবেক মেয়র তাপসের ৩ ব্যাংক হিসাব ফ্রিজ

ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের বাইরে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের তিনটি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ফেরদৌস রহমান তাপসের ব্যাংক হিসাব ফ্রিজ করার আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, তাপস সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নিজের ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকার সম্পদ অর্জন করেন। এছাড়া, তার নামীয় ২৭টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা এবং ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

দুদকের অভিযোগে বলা হয়েছে, এসব অর্থ তাপস অবৈধভাবে অর্জন করে বিভিন্ন উপায়ে হস্তান্তর ও স্থানান্তর করেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

আবেদনে আরো বলা হয়, তাপসের অর্জিত সব সম্পদ এখনও সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে তদন্তে জানা গেছে, তিনি তার নামীয় অস্থাবর সম্পদসমূহ অন্যত্র স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

তাই রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় মামলার নিষ্পত্তির আগ পর্যন্ত তার সম্পদ যাতে স্থানান্তর না হয়, সে জন্য দুদক বিধিমালা ২০০৭-এর ১৮ বিধি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারা অনুযায়ী আদালত থেকে হিসাব ফ্রিজের আদেশ চাওয়া হয়। আদালত তা মঞ্জুর করেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com