Sunday, 4th October, 2026

সরকারি প্রশিক্ষণ কর্মশালায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার অংশগ্রহন নিয়ে তোলপাড়!

চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি প্রশিক্ষণ কর্মশালায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতার অংশগ্রহণ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসারের উপস্থিতিতে সমবায় অফিসের একটি কর্মশালায় অংশগ্রহণ করে এ বিতর্কের জন্ম দেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন ওরফে হোসাইন বিন ওবাইদ।

জানা যায়, সমবায় সমিতি আইন ও বিধিমালা বিষয় সংক্রান্ত আয়োজিত কর্মশালায় আমন্ত্রিত হয়ে অংশ নেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এ নেতা।
প্রশিক্ষণ গ্রহনের একটি ছবি সোমবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে বিষয়টি সাধারণ মানুষের নজরে আসে।

মুহূর্তের মধ্যেই পোষ্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের নেতা কর্মীদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হতে থাকে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফটিকছড়ির সমন্বয়ক কামরুল হাসান নিষিদ্ধ ছাত্রলীগের একজন নেতা উপজেলা সদরে এসে কিভাবে সরকারি প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহণ করতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না বলেন, নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকে সরকারি কর্মসূচিতে আমন্ত্রণ জানানো বা অংশগ্রহণের সুযোগ দেওয়া মানে তাদের প্রতি প্রশাসনের বিশেষ দূর্বলতার বহি: প্রকাশ। এটি কোন অবস্থাতেই মেনে নেওয়া যায় না।
এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল শহীদ ভূঁইয়া বলেন, কর্মশালায় অংশগ্রহণের জন্য আমরা সমবায় সমিতিগুলোর কাছে চিঠি পাঠেয়েছিলাম। চিঠিগুলো স্ব স্ব সংগঠন তাদের প্রতিনিধিদের কাছে হস্তগত করেছেন। এখানে কে কোন দলের লোক, সেটা আমাদের জানা ছিল না। তবে বিষয়টি আমরা গভীরভাবে খতিয়ে দেখছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রশিক্ষনে আমন্ত্রন জানানোর দায়িত্ব ছিল উপজেলা সমবায় অফিসের। সে হিসেবে এটির দায়ভার তাদের উপরে বর্তায়। এহেন কাজে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা সমবায় কর্মকর্তার নিকট পত্র প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com