ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যত বাধাই আসুক আগামী ফেব্রুয়ারি মাসেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, দেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাই কার্যক্রম পরিচালনা করছে। ঘোলা পানিতে মাছ শিকারের জন্য একদল লোক সব সময় চেষ্টায় থাকে। তারা বারবার অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা তৈরি করতে চায়। সরকারকে বিব্রত করতে চায়।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল ইসলাম, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাকিবুল হাসানসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা।