Saturday, 22nd August, 2026

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, যারা দাঁড়িপাল্লা প্রতীককে ইনসাফের প্রতীক হিসেবে তুলে ধরছে, তারা মূলত স্বার্থান্বেষী। তার ভাষায়, দাঁড়িপাল্লার দুই পাল্লায় একদিকে গোপনে আমেরিকা, অন্যদিকে গোপনে ভারত অবস্থান করছে, যা বাংলাদেশের মানুষের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

তিনি জোর দিয়ে বলেন, দেশের মানুষ কোনো বিদেশি শক্তির নয়, বরং ইসলামের ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা দেখতে চায়। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বাউফল পাবলিক মাঠে পটুয়াখালী–২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ও জামায়াত কেউই ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দেয়নি; তারা প্রচলিত ধারার রাষ্ট্রব্যবস্থার কথাই বলেছে। বিপরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হলে ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেছে।

চরমোনাই পীর বলেন, স্বাধীনতার ৫৪ বছরে প্রচলিত আইনব্যবস্থার কারণেই দেশ একাধিকবার দুর্নীতিতে শীর্ষে উঠেছে, বিপুল অঙ্কের অর্থ পাচার হয়ে বিদেশে বেগমপাড়া গড়ে উঠেছে এবং দেশের ভেতর থেকেও বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়েছে। উন্নয়নের ফুলঝুরি দেখানো ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য নয় উল্লেখ করে দলটির আমির বলেন, ক্ষমতার পালাবদলে এক দল এলে অন্য দলকে দেশ ছাড়তে হয়—এই চক্রের অবসান ঘটাতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে কোনো নিরপরাধ মানুষকে দেশ ছাড়তে হবে না। এ সময় তিনি হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামের পক্ষে শক্তি বৃদ্ধির আহ্বান জানান এবং নতুন ভোটারসহ সব শ্রেণি-পেশার মানুষের সমর্থন কামনা করেন।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা কমিটির আহ্বায়ক ও হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার ও হাবিবুর রহমান মিসবাহসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা জোরদারের আহ্বান জানান।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com