Sunday, 4th October, 2026

কথা কম, খেলতে হবে বেশি : ক্রীড়াবিদদের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াবিদদের সাফল্যকে আরো এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের জন্য সম্মান বয়ে আনার সক্ষমতা ইতোমধ্যেই প্রমাণ করেছে বাংলাদেশের তরুণ ক্রীড়াবিদরা, আর সেই ধারাবাহিকতা ধরে রাখতে প্রয়োজন কঠোর পরিশ্রম, দেশপ্রেম ও শক্ত টিম স্পিরিট।

তারেক রহমান বলেন, কথা বলার অনেক কিছুই আছে। আমার মনে কথা কম কাজ বেশি করতে হবে। কথা কম, খেলতে হবে বেশি। দেশপ্রেম, দৃঢ় ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যের পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি বিশ্বাস করি।
দুই দিন আগে দেশের ১২৯ ক্রীড়াবিদকে সরকারি বেতন কাঠামোর আওতায় আনার ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এরই ধারাবাহিকতায় সোমবার (৩০ মার্চ) আন্তর্জাতিক অঙ্গনে সোনা, রুপা ও ব্রোঞ্জ পদকজয়ী ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে ১২৯ জন ক্রীড়াবিদকে মোট ২ কোটি ৪৪ লাখ টাকার বিশেষ সম্মাননা ও অর্থ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়াবিদদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোকে সামনে রেখে প্রস্তুতি নিতে হবে এবং নিজেদের সর্বোচ্চ দিয়ে দেশের জন্য গৌরব বয়ে আনতে হবে।
অনুষ্ঠানে একক পর্যায়ে সোনাজয়ীদের ৩ লাখ টাকা, রুপা জয়ীদের ২ লাখ এবং ব্রোঞ্জ জয়ীদের ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি দলগত ইভেন্টে বিজয়ীরা যথাক্রমে ২ লাখ, দেড় লাখ ও ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার পেয়েছেন।

এছাড়া ক্রীড়া ভাতার আওতায় প্রত্যেক ক্রীড়াবিদ মাসে ১ লাখ টাকা করে পাবেন। বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদেরও এই সম্মাননার অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে সরকার দেশের ক্রীড়াবিদদের উৎসাহিত করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com