Sunday, 20th September, 2026

কাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী ৩৫ জন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের সফরে তার সঙ্গে থাকছেন ৩৫ সদস্যের প্রতিনিধিদল।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। সফরসঙ্গীদের বিষয়ে পররাষ্ট্রসচিব বলেন, এবারের সফরে জাতিসংঘের কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে ৩৫ জন থাকছেন। তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ও ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সেখানেই প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হবেন। এছাড়া চারজন মন্ত্রী ও দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব সফরসঙ্গী হিসেবে থাকছেন।
প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের নিরাপত্তার বিষয়ে আসাদ আলম সিয়াম বলেন, প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বের একটি অংশ যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপরও রয়েছে। এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলছে।
প্রধানমন্ত্রীর নিউইয়র্কে অবস্থানের সময়সীমা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, কার্যকর সফরের জন্য যতটুকু সময় প্রয়োজন, প্রধানমন্ত্রী ততটুকুই সেখানে অবস্থান করবেন। সফরের দৈর্ঘ্যের চেয়ে নির্ধারিত সময়ের যথাযথ ব্যবহারকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও সফরে থাকছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এটি জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণ হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরটি সংক্ষিপ্ত করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরকালে জাতিসংঘের কর্মসূচির পাশাপাশি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com