Sunday, 4th October, 2026

সিংগাইরে সাব-রেজিস্ট্রি অফিস ভবনের ফাটল ধামাচাপা দিতে চলছে পুনঃসংস্কার কাজ!

মাসুম বাদশাহ সিংগাইর( মানিকগঞ্জ) থেকে : মানিকগঞ্জের সিংগাইরে সদ্য নির্মিত সাবরেজিস্ট্রি অফিস ভবন ফাটল নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান জয়া কনস্ট্রাকশনের। ভবনটির ফাটল ধামাচাপা দিতে চলছে পুন:সংস্কারের কাজ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সাবরেজিস্টার মো. মামুন বাবর মিরোজ।
রবিবার (২৭ জুলাই) দুপুরে সরেজমিনে স্থানীয় গণমাধ্যম কর্মীরা দেখতে পান ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে রাজমিস্ত্রি দিয়ে চলছে পুন:সংস্কারের কাজ। নতুন এ ভবনটির ফাটল স্থানগুলোতে বালু সিমেন্ট দিয়ে চলছে পুনঃনির্মাণ কাজ। বিল্ডিংয়ের বিভিন্ন জায়গায় দৃশ্যমান হচ্ছে জোড়া তালি। সাবরেজিস্টার মামুন বাবর জানান,বৃষ্টি হলে ছাদ চুঁইয়ে পানি পড়ে অফিসিয়াল কাজ বিঘ্নিত হয়। এছাড়া ভবনের বিভিন্ন জায়গা ফাটল দেখা দেয়ায় স্টাফদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি অভিযোগ করে বলেন,ঠিকাদারি প্রতিষ্ঠানটি বৈদ্যুতিক লাইনটিও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নির্মাণ করেছে। এতে ওই লাইনও পুনঃনির্মাণে তাকে অতিরিক্ত টাকা ব্যয় করতে হয়েছে। তিনি আরো বলেন, বৃষ্টি এলে ছাদের ফাটল স দিয়েনপানি না পড়লেই বুঝা যাবে সংস্কার কাজটি ঠিকমতো হয়েছে।

ভবনটির নির্মাণ কাজে তদারকির দায়িত্বে থাকা পিডব্লিওডি’র উপ-সহকারী প্রকৌশলী মো. ফারুক আহমেদ বলেন,গত ১৯ জুলাই থেকে মেরামত কাজ শুরু হয়েছে, আগামী দু’ তিনদিনের মধ্যে শেষ হলে অফিস থেকে দেখতে আসবেন।
অভিযুক্ত জয়া কনস্ট্রাকশনের সাইট ইঞ্জিনিয়ার মো. রবিন সরকার বলেন,কেমিক্যাল দিয়ে সংস্কার কাজ করা হয়েছে। কিউরিং করে শক্ত হলে পরে রং দিয়ে ঠিক করে দিব।
এ ব্যাপারে জয়া কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. জুবায়ের রহমান বলেন,ভবনটির যেখানে যেখানে ত্রুটি ধরা পড়েছে আমরা সেখানে সংস্কার কাজ করেছি। শিগগিরই শেষ করতে পারবো। যেভাবে করা হচ্ছে আশা করছি আর কোনো সমস্যা হবে না। কাটা স্থান গুলোয় কাজ শেষে রং করে দিব।

উল্লেখ্য, চার কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন এ ভবনটিতে গত ২ মার্চ থেকে কার্যক্রম শুরু হয়। পিডব্লিওডি’র তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান জয়া কনস্ট্রাকশন ৩৩ শতাংশ জমিতে দু’তলা ভবন নির্মাণ কাজ সম্পন্ন করেন। ভবন বুঝিয়ে দেয়ার পাঁচ মাস না যেতেই নির্মাণ ত্রুটি ধরা পড়ে। দেয়ালের একাধিক স্থানে দেখা দেয় ফাটল, বৃষ্টিতে ছাদ থেকে চুইয়ে পড়ায় নির্মাণ কাজ মান নিয়ে প্রশ্ন ওঠে ।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com