সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধসহ বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, পদ্মশাখরা, তলুইগাছা, কুশখালী, কাঁকডাঙ্গা, সুলতানপুর এবং ব্যাটালিয়ন সদর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে বুধবার এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল ঘোষপাড়া নামক স্থান হতে ২১ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মন্দির রোড নামক স্থান হতে ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল তেতুলবাড়ি নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ এবং কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশ্বান ঘাট নামক স্থান হতে ১৪ বোতল ভারতীয় মদ জব্দ করে।
এছাড়া, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল মুজুরদারের খাল ও কেড়াগাছি মোড় নামক স্থান হতে ২ লক্ষ ৮১ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল গোয়ালপাড়া নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল তালসারি নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল চান্দা আমবাগান নামক স্থান হতে ১ লক্ষ ২০ হাজার ৪০০ টাকা মুল্যের ভারতীয় বিভিন্ন ক্রিম জব্দ করে।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৫ লক্ষ ৮৬ হাজার ৯০০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করত। পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।