Saturday, 22nd August, 2026

মুক্তির পর জেলগেট থেকে বারবার গ্রেফতারের ঘটনায় জেল সুপারকে তলব

আদালত থেকে মুক্তির পর জেল গেট থেকে একই ব্যক্তিকে বারবার গ্রেফতার করার ঘটনায় ফেনীর জেল সুপারকে তলব করেছেন আদালত। ২৮ জুলাই ফেনী সদর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ এ আদেশ দেন। ৩১ জুলাই স্বশরীরে সংশ্লিষ্ট আদালতে হাজির হবেন জানান ফেনীর জেল সুপার। জেল গেট থেকে বারবার গ্রেফতার হওয়া সুফিয়ান নামের এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পিপি মেজবাহ উদ্দিন খান।

জানা গেছে, গত ১৯ এপ্রিল সুফিয়ানকে গ্রেফতার করা হয়। পরে ২৪ জুন তিনি দায়রা আদালত থেকে জামিন পান।  জামিনের পরদিন কারাগার থেকে বের হওয়ার সময় গেট থেকে তাকে আরেকটি মামলায় গ্রেফতার করা হয়। ওই মামলায় ২ জুলাই জামিন পান তিনি। ৩ জুলাই তিনি কারাগার থেকে বের হওয়ার সময় জেল গেট থেকে আবারও তাকে গ্রেফতার হয়। এরপর ২৭ জুলাই জামিনে মুক্তি পাওয়ার পর শহরের হাসপাতাল মোড় থেকে তাকে আটক করে নতুন আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

আসামিপক্ষের আইনজীবীর অভিযোগ, আসামির জামিননামা জেলা কারাগারে পৌঁছানোর পর জেল সুপার আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকা সত্ত্বেও তাৎক্ষণিক মুক্তি না দিয়ে টাকার আদায়ের চেষ্টা করে। চাহিদা অনুযায়ী টাকা না পেলে কতিথিত এক দালালের মাধ্যমে চেষ্টা করে। এতেও কাজ না হলে থানা পুলিশ, ডিবি পুলিশ ও ডিএসবি পুলিশকে ফোন করে জেল গেট থেকে পুনরায় গ্রেফতারের ব্যবস্থা করেন।

একই ব্যক্তিকে আদালত থেকে জামিন নেওয়ার পর বারবার জেল গেট থেকে নতুন মামলায় গ্রেফতারের ঘটনাকে উদ্বেগজনক, বেআইনি, অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থি ও পেশাগত অসদাচরণ হিসেবে উল্লেখ করেছে আদালত।

আদালতের ফরওয়ার্ডিংয়ে বলা হয়, উদ্বেগের সঙ্গে আদালত লক্ষ্য করছে যে আসামিসহ সম্প্রতি বহু ব্যক্তি জামিনে মুক্তি পাওয়ার পর কোনো যৌক্তিক কারণ ছাড়াই জেলখানার প্রধান গেট থেকে আটক হচ্ছেন, যার দায়ভার সম্পূর্ণভাবে জেল সুপারের ওপর বর্তায়। এ প্রেক্ষিতে কেন বেআইনি কাজের দায়ভার জেল সুপারের ওপর বর্তাবে না এবং কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না—এই মর্মে আগামী ৩১ জুলাই সকাল ১১টায় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ফেনী কোর্ট পুলিশের ওসি মো. আবুল কালাম বলেন, ‘জেল গেট থেকে একই ব্যক্তিকে বারবার গ্রেফতারের ঘটনায় আদালতের তলব করা হয়েছে।

ফেনী জেলা কারাগারের জেল সুপার মো. আবদুল জলিল বলেন, ‘আদালতের আদেশের কথা শুনেছি। আদালত যেকোনো সময় আমাদের তলব করতে পারেন। আমি কোনো আসামিকে জেল গেট থেকে গ্রেফতারের ব্যবস্থা করিনি। ৩১ জুলাই সংশ্লিষ্ট আদালতে হাজির হবেন বলে জানান তিনি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com