Tuesday, 25th August, 2026

শহীদ বুদ্ধিজীবী দিবসে বরিশালে বিএনপির দুপক্ষের উত্তেজনা

শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বরিশালে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শ্রদ্ধা নিবেদনের জন্য আনা ফুলের তোড়া ভেঙে ফেলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতি নামফলক কম্পাউন্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার মহানগর বিএনপির ব্যানারে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস আক্তার জাহান শিরিন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা স্থান ত্যাগ করছিলেন।

একই সময়ে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন একই ব্যানারে তার অনুসারীদের নিয়ে শ্রদ্ধা জানাতে আসলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, এ সময় নাসরিনের ওপর বিএনপির অপর পক্ষের কয়েকজন নেতাকর্মী চড়াও হয়ে তাকে হেনস্তা করেন এবং সঙ্গে আনা ব্যানার ছিঁড়ে ফেলা হয়। শ্রদ্ধা নিবেদনের জন্য আনা ফুলের তোড়াও ভেঙে ফেলা হয়। পরে ভাঙা ফুলের তোড়া দিয়েই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বেদিতে শ্রদ্ধা জানানো হয়।

আফরোজা খানম নাসরিন অভিযোগ করেন, একই সময়ে শ্রদ্ধা জানাতে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়ে তাকে লাঞ্ছিত করেন এবং ফুলের তোড়া ভেঙে ফেলেন। এ ঘটনায় তিনি আইনি পদক্ষেপ না নিয়ে সাংগঠনিক প্রক্রিয়ায় যাওয়ার কথা জানান।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস আক্তার শিরিন সাংবাদিকদের বলেন, কর্মীদের মধ্যে তুচ্ছ একটি বিষয় নিয়ে অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com