Sunday, 4th October, 2026

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ

ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। এ সময় বিক্ষোভকারীদের একাংশ পুলিশের ব্যারিকেড ভেঙে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকশ বিক্ষোভকারীকে ঠেকাতে হাইকমিশনের সামনে ব্যারিকেড স্থাপন করে পুলিশ। তবে একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভিএইচপির কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশ হাইকমিশনের সামনে আগেই নিরাপত্তা জোরদার করেছিল দিল্লি পুলিশ। দ্য হিন্দু জানায়, ওই এলাকায় তিন স্তরের ব্যারিকেড বসানোর পাশাপাশি অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়।
এনডিটিভির খবরে বলা হয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও একাধিক বিক্ষোভকারীকে ব্যারিকেড ভেঙে কূটনৈতিক স্থাপনার দিকে এগোতে দেখা যায়। তারা অন্তত দুই স্তরের ব্যারিকেড অতিক্রম করে। এ সময় বিক্ষোভকারীদের হাতে ব্যানার ও প্ল্যাকার্ড ছিল এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল।

দ্য হিন্দুকে এক পুলিশ কর্মকর্তা জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এর আগে সোমবার কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে এবং শিলিগুড়িতে ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ করে বিভিন্ন সংগঠন। এর পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি ও আগরতলায় ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। একই দিনে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ফটকে ভিসা সেবা সাময়িক বন্ধের নোটিশ টানানো হয়।

কলকাতায় সোমবার তিন দফায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর একটিতে বিজেপি ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ‘হিন্দু সনাতনীরা’ অংশ নেয়। পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। শিলিগুড়িতে ভিসা সেন্টারের সামনে বিক্ষোভকারীরা বাংলাদেশের পতাকা সংবলিত একটি ফ্লেক্স ছিঁড়ে ফেলে এবং সেটিতে আগুন ধরায়। পাশাপাশি তারা প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকাতেও আগুন দেয়। এ সময় কয়েকজন বিক্ষোভকারী পুলিশের সঙ্গে ভেতরে প্রবেশ করে ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক সূত্র জানায়, নয়াদিল্লি, কলকাতাসহ বিভিন্ন স্থানে বাংলাদেশের কূটনৈতিক মিশনে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে তাকে তলব করা হয়। এ সময় বাংলাদেশের কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয় এবং নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com