Sunday, 23rd August, 2026

অফিস কার্যক্রম শুরু করলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার পর তৃতীয় দিনের মাথায় দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তার জন্য নির্ধারিত নতুন চেম্বারে এসে অফিস কার্যক্রমে বসেন।

দুপুর ১টা ৪৮ মিনিটে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে তিনি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান। কার্যালয়ে প্রবেশের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
সবার সঙ্গে কুশল বিনিময়ের পর তারেক রহমান কার্যালয়ের দ্বিতীয় তলায় তার জন্য প্রস্তুত করা বিশেষ চেম্বারে গিয়ে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কাজ শুরু করেন। ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের প্রথম অফিস কার্যক্রম।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তারা এবং বগুড়া জেলা বিএনপির নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, গুলশানের রাজনৈতিক কার্যালয়ের পাশাপাশি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও তারেক রহমানের জন্য আলাদা চেম্বার প্রস্তুত করা হয়েছে। একই সঙ্গে গুলশানে একটি পৃথক বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক কার্যক্রম পরিচালিত হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান। প্রথম দিন সংবর্ধনা ও বক্তব্য শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখেন। পরদিন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। শনিবার তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজার জিয়ারত করেন। একই দিন তিনি ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন। পাশাপাশি নির্বাচন কমিশনে গিয়ে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com