Sunday, 4th October, 2026

স্ত্রী-সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন হাইকোর্টে

সদ্য স্ত্রী ও নয় মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মানবিক দিক বিবেচনায় এই জামিন মঞ্জুর করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, আদালত মানবিক বিবেচনায় সাদ্দামকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় কারাবন্দি ছিলেন। গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে তাকে মাত্র পাঁচ মিনিটের জন্য তার মৃত স্ত্রী ও নয় মাস বয়সী শিশুপুত্রকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। প্যারোল না মেলায় অ্যাম্বুলেন্সে করে মরদেহ কারাগারের গেটে আনা হয়েছিল। কারা কর্তৃপক্ষের তথ্যমতে, মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি সন্ধ্যা ৭টার দিকে কারাগারের সামনে পৌঁছায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অ্যাম্বুলেন্সসহ পরিবারের ছয়জন নিকটাত্মীয়কে জেলগেটের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সেখানে তারা প্রায় পাঁচ মিনিট অবস্থান করার পর বের হয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মাইক্রোবাসে করে ১২ থেকে ১৫ জন স্বজন কারাগারের সামনে উপস্থিত হন। বাইরে অপেক্ষমাণ স্বজনদের কান্নায় তখন সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় ঘটনাস্থলে অনেক সংবাদকর্মীও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম। এরপর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। এর আগে শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার বেখেডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়ি থেকে তার স্ত্রী কানিজ সুরভানা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পাশেই পাওয়া যায় তাদের নয় মাস বয়সী শিশুপুত্র নাজিমের মরদেহ।

পুলিশ ও পরিবারের ধারণা, মানসিক বিষণ্নতা থেকে সন্তানকে হত্যার পর স্বর্ণালী আত্মহত্যা করেন। প্যারোলে সাদ্দামকে মুক্তি না দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এরই প্রেক্ষাপটে হাইকোর্ট মানবিক বিবেচনায় তাকে জামিন দিয়েছেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com