Saturday, 3rd October, 2026

নিজের অবসরের দিনক্ষণ জানিয়ে দিলেন নেইমার

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জানিয়েছেন, ২০২৬ সাল তার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বছর শেষে অবসর নেওয়ার সিদ্ধান্তও নিতে পারেন তিনি। যদিও, ভবিষ্যৎ নিয়ে এখনই নিশ্চিত নন বলে জানিয়েছেন এই ফরোয়ার্ড।

২০০৯ সালে ১৭ বছর বয়সে সান্তোসের জার্সিতে যে ক্যারিয়ারের শুরু হয়েছিল, ৩৪ বছর বয়সে সেই মাঠেই ইতি টানার ইঙ্গিত দিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সম্প্রতি ব্রাজিলের অনলাইন চ্যানেল কেজ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চলতি বছরের শেষেই তিনি ফুটবল থেকে অবসর নিতে পারেন।
মূলত ক্যারিয়ারজুড়ে একের পর এক চোট এবং বর্তমান ফিটনেস সমস্যাই তাকে এমন কঠিন সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। গত বছরের জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল থেকে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ এ বছরের ডিসেম্বর পর্যন্ত রয়েছে।
গত বছর চোট নিয়ে খেলে সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর জন্য তাকে শারীরিক বড় মূল্য দিতে হয়েছে। ডিসেম্বরে বাঁ হাঁটুতে অস্ত্রোপচারের পর দীর্ঘ বিরতি কাটিয়ে গত ১৬ ফেব্রুয়ারি ভেলো ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি মাঠে ফেরেন। তবে নেইমার স্বীকার করেছেন, পূর্ণ ফিট না হওয়ায় তাকে কিছুটা সাবধানে খেলতে হচ্ছে।

২০২৬ বিশ্বকাপে খেলা নেইমারের অন্যতম বড় লক্ষ্য। তবে ২০২৩ সালের অক্টোবরের পর চোটের কারণে তিনি আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে পারেননি। কোচ কার্লো আনচেলত্তি তার জন্য জাতীয় দলের দরজা খোলা রাখলেও শর্ত দিয়েছেন পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার। নেইমার নিজেও মনে করেন, বর্তমান অবস্থায় বিশ্বকাপে জায়গা করে নেওয়া এক ‘বড় চ্যালেঞ্জ’।

নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে নেইমার বলেন, ‘আগামী বছর কী হবে আমি জানি না। সম্ভবত ডিসেম্বর এলে আমি অবসর নিতে চাইব। এখন আমি কেবল এ বছরটি নিয়ে ভাবছি।’ তিনি আরও যোগ করেন, ক্যারিয়ারের বিষয়ে শেষ পর্যন্ত তার হৃদয়ের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।
ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার ১২৮ ম্যাচে ৭৯টি গোল করেছেন। ইউরোপীয় ফুটবলে বার্সেলোনার হয়ে ট্রেবল জয়ের পাশাপাশি পিএসজির হয়েও অসংখ্য শিরোপা জিতেছেন তিনি। এর আগে তিনটি বিশ্বকাপে অংশ নেওয়া এই তারকা ফুটবলার এ মৌসুমে নিজের শতভাগ দিয়ে খেলতে মুখিয়ে আছেন।

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ‘সি’ গ্রুপের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। নেইমার যদি সত্যিই ডিসেম্বরে অবসরের সিদ্ধান্ত নেন, তবে তার আগে শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে নিজেকে রাঙিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই ফরোয়ার্ড।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

২৩ জুলাই ২০২৫

লিবিয়া হয়ে ইতালীর অভিবাসী প্রত্যাশী মাদারীপুরের ১৪ যুবক ৫ মাস ধরে নিখোঁজ

www.janadristi.com