Wednesday, 19th August, 2026

বাংলাদেশ থেকে ১০ বছরে ৬৮৩০ কোটি ডলার পাচার : জিএফআই

২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে প্রায় ৬ হাজার ৮৩০ কোটি ডলার। এই তথ্য জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই)।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমদানি ও রপ্তানি পণ্যের মূল্য বা পরিমাণ মিথ্যা দেখানোর মাধ্যমে (ট্রেড মিস-ইনভয়েসিং) এই বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে মূলত কর ফাঁকি, মুনাফা স্থানান্তর এবং বিদেশে পুঁজি পাচারের উদ্দেশ্য প্রাধান্য পেয়েছে। আমদানি ক্ষেত্রে অতিরিক্ত মূল্য (ওভার ইনভয়েসিং) এবং রপ্তানিতে কম মূল্য (আন্ডার ইনভয়েসিং) দেখিয়ে এই কার্যক্রম পরিচালিত হয়েছে।

বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশের এই অবৈধ অর্থ প্রবাহের বড় অংশ উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্যের সময় ঘটেছে। মোট ঘাটতির প্রায় ৩ হাজার ৩০০ কোটি ডলার যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর সঙ্গে লেনদেনের কারণে হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশের এই ঝুঁকি কেবল আঞ্চলিক বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। বিশেষ করে রপ্তানিমুখী খাত এবং আমদানিনির্ভর শিল্পগুলোতে এই ধরনের অর্থ পাচারের প্রবণতা বেশি দেখা গেছে।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য হলেও ভারতের তুলনায় অনেক কম। একই সময়ে ভারত থেকে বাণিজ্যের আড়ালে ১.০৬ ট্রিলিয়ন ডলার পাচার হয়েছে। শ্রীলঙ্কায় উন্নত দেশগুলোর সঙ্গে বাণিজ্যে প্রায় ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি লক্ষ্য করা গেছে, যা দেশটির ভঙ্গুর অর্থনীতির কারণে আরো মারাত্মক প্রভাব ফেলেছে।
পুরো এশিয়া অঞ্চলের চিত্রে দেখা যায়, কেবল ২০২২ সালেই এশিয়ার উন্নয়নশীল দেশগুলো থেকে বাণিজ্যের আড়ালে পাচার হয়েছে প্রায় ১ লাখ ৬৯ হাজার কোটি ডলার। চীন, থাইল্যান্ড ও ভারতের মতো বড় অর্থনীতিগুলো শীর্ষে থাকলেও ছোট-বড় সব দেশেই এই সমস্যা প্রকট।

জিএফআই প্রতিবেদনে সতর্ক করেছে, এশিয়ার অর্থনীতিতে এই অনৈতিক চর্চা গভীরভাবে গেঁড়ে বসেছে এবং গত এক দশকে এই প্রবণতা হ্রাসের কোনো লক্ষণ দেখা যায়নি। বাংলাদেশ এই তালিকায় এশিয়ার উন্নয়নশীল দেশের মধ্যে শীর্ষ ১০ এ রয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com