পলাতক আওয়ামী লীগ দেশে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক আওয়ামী লীগ বুঝে হোক কিংবা না বুঝে, তাদের প্রতারণা ও ফাঁদে পা দিচ্ছেন দেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা। একসময় যারা সামাজিকভাবে ও অঘোষিতভাবে পুনর্মিলনের পথে ছিলেন, তাদের আবারও বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, পলাতক দলটি যেন দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের উত্তেজিত না করে। এ বিষয়ে দেশের জনগণ এবং সংশ্লিষ্ট নেতাকর্মীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিবেশী দেশে অবস্থান করে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি সরকার কূটনৈতিকভাবে মোকাবিলা করছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনি কোনো বাধা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চাওয়া হয়েছে।
তিনি জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় উভয় দেশ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আসামি ফেরত চাইতে পারে। এটি একটি প্রচলিত ও নিয়মিত প্রক্রিয়া।
এদিকে, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার সম্মিলিত আলোচনায় বসবে কি না, এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও বৈঠকের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে এনসিপির কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। অন্যান্য দলের সঙ্গেও জোটগতভাবে আলোচনা হতে পারে বলে জানান তিনি।
এ সময় ইন্দোনেশিয়ার ২০ শতাংশ জাহাজ আটক এবং সেগুলো মোংলা বন্দরে আসার কথা ছিল কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তাঁর জানা নেই।