Sunday, 4th October, 2026

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় ইউরোপকে কটাক্ষ নেতানিয়াহুর

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে ইউরোপীয় দেশগুলো ইসরায়েলকে আত্মহত্যার পথে ঠেলছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানকে ইসরায়েলের গলায় ছুরি ধরার সঙ্গে তুলনা করেছেন তিনি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে আপনারা আসলে ইহুদি হত্যাকে সমর্থন করেছেন। একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাদের গলায় ছুরি ধরে থাকবে তা আমরা কখনও মেনে নেবো না। খবর এএফপির।
যদিও সাধারণ পরিষদে তার ভাষণ চলাকালে অধিকাংশ রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশনের প্রতিনিধি মিলনায়তন থেকে বেরিয়ে গিয়েছিলেন।
ইউরোপীয় নেতাদের উদ্দেশে কটাক্ষ করে নেতানিয়াহু বলেন, নিষ্ঠুর মিডিয়া এবং ইহুদিবিরোধী মবের মুখোমুখি হওয়ার সাহস আপনারা রাখেন না। তাই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে হামাসকে পুরস্কৃত করছেন, আর ইসরায়েলকে আত্মহত্যার পথে ঠেলছেন। তবে আমরা এটা কখনও মেনে নেবো না।

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য গত সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদে একটি বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ফ্রান্স এবং সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত সেই সম্মেলনে ফ্রান্স, বেলজিয়াম, পর্তুগাল, যুক্তরাজ্য, লুক্সেমবার্গসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। সম্মেলনে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে জাতিসংঘের দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন এবং পশ্চিম তীর অঞ্চলে ইসরায়েলের দখল কার্যক্রম বন্ধের দাবি ওঠে।

যদিও জাতিসংঘে ভাষণ দেওয়ার সময় নেতানিয়াহু পশ্চিম তীরে ইসরায়েলের দখল কার্যক্রম নিয়ে কোনো মন্তব্য করেননি। তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট এবং পশ্চিম তীর অঞ্চলের সরকারকে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত হিসেবে উল্লেখ করেন।

নেতানিয়াহু তার রাজনীতি জীবনের শুরু থেকেই দ্বি-রাষ্ট্র সমাধানের বিরোধী। গাজায় ইসরায়েলি বাহিনীর নিষ্ঠুর অভিযান বন্ধে আন্তর্জাতিক বিশ্ব দুই বছর ধরে তাকে চাপ দিয়েছে, কিন্তু তিনি অভিযান বন্ধের নির্দেশ দেননি।

নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় পশ্চিম তীরে ক্ষমতাসীন ফিলিস্তিন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আদেল আতিয়েহ বলেন, জাতিসংঘে নেতানিয়াহুর এই ভাষণ আসলে একজন পরাজিত মানুষের জবানবন্দি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ নভেম্বর ২০২৫

ধর্ম উপদেষ্টা জানিয়েছেন বিশ্ব ইজতেমা হবে জাতীয় নির্বাচনের পর

www.janadristi.com