Saturday, 22nd August, 2026

শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী

দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলম জানিয়েছেন, গাজামুখী তাঁদের বহনকারী জাহাজটি ইসরায়েলি বাহিনী মাঝসমুদ্রে আটকে দিয়েছে এবং তাঁকে অপহরণ করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ভিডিওবার্তায় তিনি এ কথা জানান।

ভিডিওবার্তায় শহিদুল আলম বলেন, আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে জেনে রাখুন—আমাদের সাগরে আটকানো হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। এরা সেই বাহিনী, যারা যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতায় গাজায় জাতিগত নিধন চালাচ্ছে। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে আমি আমার সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাচ্ছি।
শহিদুল আলম কনশেনস নামের যে জাহাজে ছিলেন, তা আন্তর্জাতিক মানবিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) এর যৌথ নৌবহরের অংশ। আন্তর্জাতিক সাংবাদিক, অধিকারকর্মী ও চিকিৎসাকর্মীদের নিয়ে গঠিত এই নৌবহর গাজায় ইসরায়েলের অবৈধ অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার উদ্দেশে যাত্রা শুরু করেছিল।

মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে শহিদুল আলম জানিয়েছিলেন, তাঁদের জাহাজটি ভোরের মধ্যে ‘রেড জোন’-এ পৌঁছাবে। তিনি ‘রেড জোন’ বলতে সেই বিপজ্জনক সমুদ্রসীমাকেই বোঝান, যেখানে সম্প্রতি ইসরায়েলি বাহিনী সুমুদ ফ্লোটিলা নামের অন্য একটি নৌবহর আটক করে এবং বেশ কয়েকজন অধিকারকর্মীকে গ্রেপ্তার করে।

ফ্লোটিলা অভিযানগুলো মূলত গাজায় মানবিক সংকট দূর করতে আন্তর্জাতিক সমাজের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই পরিচালিত হয়ে আসছে। তবে ইসরায়েল প্রতিবারই এসব জাহাজকে অবরোধ ভেঙে যেতে বাধা দিয়েছে। দুই বছর ধরে চলমান যুদ্ধে ইসরায়েল বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশে বাধা দিয়ে আসছে। এ সময় ইসরায়েলি বাহিনী স্থানীয় ফিলিস্তিনি সাংবাদিকদেরও নিশানা করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ২৭০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। অনেককে আটক করে ইসরায়েলি কারাগারে রাখা হয়েছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com