Wednesday, 19th August, 2026

গত ছয় মাসে রাজস্ব ঘাটতি প্রায় ৪৬ হাজার কোটি টাকা

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৬ হাজার কোটি টাকা। এনবিআরের তিনটি প্রধান অনুবিভাগ—আয়কর, ভ্যাট ও কাস্টমস—সবখানেই লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি দেখা গেছে আয়কর খাতে। আলোচ্য সময়ে আয়কর খাতে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৩০ কোটি টাকা। বড় ঘাটতির মধ্যেও এনবিআর এই সময়ে গড় ১৪ দশমিক ১৯ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি অর্জন করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এনবিআর সূত্র জানায়, ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩১ হাজার ২০৫ কোটি টাকা। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে এনবিআর আদায় করতে পেরেছে ১ লাখ ৮৫ হাজার ২২৯ কোটি টাকা। ফলে এই সময়ে মোট রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৭৬ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, অনলাইনভিত্তিক ব্যবস্থা চালুসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় সম্ভব হয়নি। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং এনবিআরের চলমান আন্দোলনের প্রভাবও রাজস্ব আহরণে পিছিয়ে পড়ার অন্যতম কারণ বলে মনে করছেন কর্মকর্তারা।
এনবিআরের সর্বশেষ হিসাবে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে আয়কর খাতে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৮৫ হাজার ৪০৫ কোটি টাকা। একই সময়ে আদায় হয়েছে ৬১ হাজার ৮৭৫ কোটি টাকা। ফলে আয়কর খাতে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৩০ কোটি টাকা, যা মোট ঘাটতির অর্ধেকেরও বেশি।

অন্যদিকে, শুল্ক খাতে লক্ষ্যমাত্রা ছিল ৬৫ হাজার কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ৫২ হাজার ৮৬০ কোটি টাকা। এতে শুল্ক খাতে ঘাটতি দাঁড়িয়েছে ১২ হাজার ১৪০ কোটি টাকা। এছাড়া ভ্যাট খাতে প্রথম ছয় মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৮০ হাজার ৭৯৯ কোটি টাকা। এ সময়ে আদায় হয়েছে ৭০ হাজার ৪৯৩ কোটি টাকা, ফলে ভ্যাটে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৩০৬ কোটি টাকা।

অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আহরণে প্রবৃদ্ধি থাকলেও তা লক্ষ্যমাত্রা পূরণের জন্য পর্যাপ্ত নয়। সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতি, করজালের সীমিত বিস্তার এবং রাজস্ব প্রশাসনের কাঠামোগত দুর্বলতার কারণে প্রত্যাশিত রাজস্ব আদায় সম্ভব হচ্ছে না। পাশাপাশি অর্থবছরের মাঝপথে এক ধাপে রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়িয়ে দেওয়ায় বাস্তবতার সঙ্গে ব্যবধান আরো স্পষ্ট হয়ে উঠেছে বলেও তারা মনে করছেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০৯ নভেম্বর ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

www.janadristi.com