নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।
বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা এমপির সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তানহা আজমী।
এতে বক্তব্য দেন মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নি এমপি, ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য আকলিমা ফেরদৌসী আখি ও নুরুন্নাহার পলি এবং ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য তাহমিনা আক্তার সুরমা।
সভাপতির বক্তব্যে নুরুন্নিসা সিদ্দীকা এমপি বলেন, নারীরা সমাজের কোথাও পর্যাপ্ত নিরাপত্তা পাচ্ছেন না। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে বিচারকের সংখ্যা অনেক কম হওয়ায় বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে পর্যাপ্ত বিচারক নিয়োগের দাবি জানান তিনি।
মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান বলেন, নিরাপত্তাহীনতার কারণে অনেক নারী নির্যাতনের শিকার হওয়ার পরও আইনের আশ্রয় নিতে চান না। এ জন্য বিচারপ্রার্থীদের সরকারি সহায়তা নিশ্চিত করা প্রয়োজন।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নি এমপি বলেন, নিরাপত্তা পাওয়া নারীর মৌলিক অধিকার। কিন্তু সমাজে অনেক সময় এটিকে অধিকার নয়, বরং অনুগ্রহ হিসেবে দেখা হয়।
১. অভিযোগ গ্রহণে অবহেলা বন্ধ: নারী ও শিশু নির্যাতনের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে। অভিযোগ গ্রহণে অবহেলা, ভুক্তভোগীকে হয়রানি এবং আপসের নামে চাপ প্রয়োগ বন্ধ করতে হবে।
২. দ্রুত ও নিরপেক্ষ বিচার: নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের মামলার তদন্ত এবং বিচারপ্রক্রিয়া দ্রুত ও নিরপেক্ষ করতে হবে। অপরাধীদের রাজনৈতিক, সামাজিক কিংবা অর্থনৈতিক প্রভাবের বাইরে রেখে আইনের আওতায় আনতে হবে।
৩. সর্বত্র নারীর নিরাপত্তা: শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, রাস্তাঘাট, গণপরিবহন, আবাসিক এলাকা ও জনসমাগমস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
৪. ভুক্তভোগীদের সহায়তা ও পুনর্বাসন: নির্যাতনের শিকার নারী ও শিশুদের জন্য সহজলভ্য আইনি সহায়তা, চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, নিরাপদ আশ্রয় এবং পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৫. সাইবার সহিংসতা প্রতিরোধ: অনলাইনে নারীর বিরুদ্ধে অপমান, হুমকি, অশ্লীলতা, ছবি বা ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইল এবং সাইবার হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ভুক্তভোগীকে দোষারোপ না করে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬. সচেতনতা ও সমন্বিত উদ্যোগ: নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ নিশ্চিত করতে হবে।
৭. স্থানীয় সহায়তা নেটওয়ার্ক: নির্যাতনের শিকার কিংবা নির্যাতনের ঝুঁকিতে থাকা নারীদের সহায়তায় স্থানীয় পর্যায়ে কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে হবে, যাতে বিপদে পড়া কোনো নারী একা বা অসহায় বোধ না করেন।
মানববন্ধনে বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন প্রয়োগ, বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানো এবং অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধে রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।