বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত প্রতিযোগিতার ৭৫তম আসরের সেরা ৩০ সেমিফাইনালিস্টের তালিকায় জায়গা করে নিতে পারেননি তিনি। প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় এবার দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন এই বাংলাদেশি প্রতিযোগী।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের অনুভূতি ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহি।
পোস্টে তিনি লেখেন, ‘প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন—সত্যিই আমি কৃতজ্ঞ। আমিও চেয়েছিলাম বাংলাদেশের নামটা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে।’
নিজের সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়ে মাহি বলেন, দেশ ও দেশের মানুষের ভালোবাসার প্রতিনিধিত্ব করতে নিজের জায়গা থেকে কোনো কমতি রাখেননি তিনি। প্রতিযোগিতায় তাঁর জন্য যারা দিনরাত পাশে ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতাও জানান।
তবে প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’
প্রত্যাশিত ফল না পেলেও পুরো যাত্রাকে মূল্যবান অভিজ্ঞতা হিসেবে দেখছেন মাহি। তাঁর ভাষায়, জীবনের সব চেষ্টা প্রত্যাশিত ফল নিয়ে আসে না। তবে তাতে চেষ্টার মূল্য কমে যায় না। কিছু অভিজ্ঞতা, মুহূর্ত ও অনুভূতি সারাজীবন মনে থেকে যায়।
পোস্টের শেষাংশে বাংলাদেশের প্রতি ভালোবাসা ও গর্বের কথা তুলে ধরে তিনি লেখেন, ‘বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। আমাকে বিশ্বাস করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। ভালোবাসি বাংলাদেশ।’
উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ। ওই বছর দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে অংশ নেন অনিকা আলম। ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দেন।
এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে শেষ পর্যন্ত সেরা ৩০-এ জায়গা না হওয়ায় মিস ইউনিভার্সের মুকুট জয়ের লড়াই থেকে ছিটকে পড়েন তিনি।