সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকরের মুখোমুখি করতে ভারত কখনোই বাংলাদেশে ফেরত পাঠাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বুধবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যেকোনো নাগরিক নিজ দেশে যেতে পারেন। তবে বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব।
তিনি আরও বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান পর্যালোচনা করে তাঁর মনে হয়েছে, ভারত কখনোই তাঁকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য বাংলাদেশে ফেরত পাঠাবে না। তাঁর মতে, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের অবস্থান অনেকটাই স্পষ্ট হয়েছে।
এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণের অনুরোধ এখনো যাচাই-বাছাই করা হচ্ছে।
তবে তিনি একই সঙ্গে বলেন, কোনো নাগরিক নিজ ইচ্ছায় ট্রাভেল ডকুমেন্ট নিয়ে নিজের দেশে ফিরতে চাইলে সেটি ভিন্ন বিষয়। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বিষয়টিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের বিষয় বলেও উল্লেখ করেন।
এর আগে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল, বিষয়টি আইনগত এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই তা মোকাবিলা করা হবে। তবে এবারের সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়ালের বক্তব্যে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।