সরকারি ফির অতিরিক্ত অর্থ দাবি ও ঘুষ-দুর্নীতির অভিযোগে শরীয়তপুরের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৫ নভেম্বর) পরিচালিত এ অভিযানে অভিযুক্ত ভূমি উপসহকারী কর্মকর্তা দেলমাহমুদ রওশন (কলি)-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও ঘুষ লেনদেনের অভিযোগের প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুদক।
দুদক সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই মূলনা ইউনিয়নের বাসিন্দা মোকসেদ আকনের কাছ থেকে মাত্র ১ হাজার ১৭০ টাকা সরকারি ফির বিপরীতে অতিরিক্ত অর্থ দাবি এবং ৪০ হাজার টাকায় ঘুষের চুক্তির অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ছাড়া অভিযুক্ত কর্মকর্তার আগের কর্মস্থলেও অতিরিক্ত অর্থ আদায় এবং সংবাদ প্রকাশের পর ভুক্তভোগীকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছিল।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার মূলনা ইউনিয়ন ভূমি অফিসে অভিযান পরিচালনা করে দুদক সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুরের একটি দল।
অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ হোসেন বলেন, গণমাধ্যমে প্রকাশিত ৪০ হাজার টাকা ঘুষ লেনদেনের অভিযোগ দুদকের নজরে আসার পর এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি জানান, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গত ১৯ নভেম্বর অভিযুক্ত কর্মকর্তাকে শাস্তিমূলকভাবে পার্শ্ববর্তী অন্য একটি ইউনিয়নে বদলি করা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।
দুদকের এ কর্মকর্তা আরও বলেন, অভিযুক্ত কর্মকর্তার দায়িত্ব পালনকালে সম্পাদিত নামজারি-সংক্রান্ত কাগজপত্র অনলাইনে সংরক্ষিত থাকায় তা তাৎক্ষণিকভাবে অফিস থেকে সংগ্রহ করা সম্ভব হয়নি। এসব নথি সংগ্রহের পাশাপাশি ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য যাচাই করা হবে।
তিনি বলেন, প্রাথমিকভাবে একাধিক ব্যক্তি ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে গ্রাহক হয়রানি এবং নির্দিষ্ট পরিমাণ অর্থ ঘুষ হিসেবে আদায়ের বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা শেষে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। এরপর আরও অনুসন্ধান করা হবে কি না, সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।
এদিকে, এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা শুধু বদলির মধ্যে প্রশাসনিক ব্যবস্থা সীমাবদ্ধ না রেখে দুদকের পূর্ণাঙ্গ তদন্ত এবং বিভাগীয় ও আইনগত প্রক্রিয়ায় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তাঁদের দাবি, ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারি সেবার নামে অনিয়ম ও দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।