আজ , , ,

গোসাইরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি ও বিদায়ের নামে টাকা আদায়ের অভিযোগ

শরীয়তপুরের গোসাইরহাটে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা ও বিদায় অনুষ্ঠানের নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার ২ নম্বর দাসের জঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কহিনুর ইয়াসমিনের নির্দেশে শিক্ষার্থীদের কাছ থেকে এসব টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়টির প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ টাকা এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৬০ টাকা করে নেওয়া হয়েছে। এ ছাড়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় অনুষ্ঠানের আয়োজনের জন্য অতিরিক্ত ২০০ টাকা আদায় করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, বার্ষিক পরীক্ষার ফির কথা বলে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জুবায়ের আদর ও আব্দুল মাজেদ জানায়, প্রধান শিক্ষক এবং শ্রেণিশিক্ষক গেলমানুল হক তাদের কাছ থেকে ৬০ টাকা করে নিয়েছেন।

অন্যদিকে, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোসাম্মৎ মারিয়া, অদ্রিজা কর্মকার তুলি ও মিতু জানায়, শ্রেণিশিক্ষক মো. শাহজাহান বার্ষিক পরীক্ষার ফি বাবদ ৬০ টাকা এবং বিদায় অনুষ্ঠানের জন্য আরও ২০০ টাকা নিয়েছেন।

অভিভাবকদের অভিযোগ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায়ের কোনো বিধান না থাকলেও বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের সন্তানদের কাছ থেকে টাকা নিয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক গেলমানুল হক ও মো. শাহজাহান বলেন, প্রধান শিক্ষকের নির্দেশেই পরীক্ষার জন্য টাকা নেওয়া হয়েছে। তবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা ৬০ টাকার মধ্যে স্কাউট কার্যক্রমের জন্য ১০ টাকা অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কহিনুর ইয়াসমিন টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে দাবি করেন, এগুলো পরীক্ষার ফি হিসেবে নেওয়া হয়নি; বরং মিলাদের আয়োজনের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সব শ্রেণির শিক্ষার্থী মিলাদে অংশ নেবে বলেই এ টাকা নেওয়া হয়েছে।

তবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ৬০ টাকা নেওয়ার কারণ জানতে চাইলে তিনি এর সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

এ বিষয়ে গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনির উজ্জামান খান বলেন, বার্ষিক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার কোনো বিধান নেই। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অর্থ আদায়ের অভিযোগে স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com