দলের সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং তৃণমূলের নেতাকর্মীদের আস্থা ধরে রাখতে শুদ্ধি অভিযানে নেমেছে বিএনপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া, গোপনে যোগাযোগ রাখা কিংবা বিভিন্নভাবে সহযোগিতার অভিযোগে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধেই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে দলটি। অভিযোগের সত্যতা ও তথ্য-প্রমাণ পাওয়া গেলে পদ-পদবি থেকে বহিষ্কারের পাশাপাশি প্রাথমিক সদস্যপদও বাতিল করা হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত দেড় ডজন নেতাকর্মীকে বিভিন্ন অভিযোগে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, তাদের আশ্রয় দেওয়া, গ্রেপ্তারের পর থানা থেকে ছাড়িয়ে আনার চেষ্টা কিংবা জামিনে সহযোগিতার অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে দলের হাইকমান্ড।
দলের চেয়ারম্যান তারেক রহমানও এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করেছেন। কেন্দ্র থেকে জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে এ-সংক্রান্ত নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কেউ সহযোগিতা করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জাতীয়তাবাদী আদর্শের কোনো প্রকৃত কর্মী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন না। আওয়ামী লীগের বিতর্কিত নেতাকর্মীদের আশ্রয় দিলে জনগণের কাছে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এ কারণে আজীবন বহিষ্কারের মতো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নির্বাচনের আগে থেকেই তিনি আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ দল হিসেবে উল্লেখ করে আসছেন। এরপরও দলটির কিছু নেতাকর্মী বিভিন্ন এলাকায় আত্মগোপনে থেকে তৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। বিএনপির কেউ তাদের আশ্রয়-প্রশ্রয় দিলে দলে তাদের কোনো স্থান থাকবে না।
তিনি আরও বলেন, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বও দলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন এলাকায় গ্রুপিং ও অন্তর্দ্বন্দ্বের কারণে সাংগঠনিক পরিস্থিতি জটিল হচ্ছে। এসব বিষয় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন যোগাযোগ রাখা, তাদের আশ্রয় দেওয়া কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বাধা দেওয়ার অভিযোগে কেন্দ্রীয়ভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে। অভিযোগ যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গত ৩১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক অনুষ্ঠানে অভিযোগ করেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে দেশে ফিরে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। বিএনপির কিছু স্বার্থান্বেষী ব্যক্তি অর্থের বিনিময়ে তাদের আশ্রয় দিচ্ছেন। দলের কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।
এরপর থেকেই বিএনপির ভেতরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতাকারীদের শনাক্ত করার বিষয়ে আলোচনা শুরু হয়। কেন্দ্রীয় কার্যালয়ে অভিযোগ ও তথ্য-প্রমাণ জমা দিতে বলা হয় নেতাদের।
সর্বশেষ গত বুধবার বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। আদালতের হাজতখানায় বিএনপি নেতা অ্যাডভোকেট শাহীন হত্যা মামলার প্রধান আসামি ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আমিনুল ইসলামের সঙ্গে মিজানের সাক্ষাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দলের কেউ যদি খুনিদের সঙ্গে সম্পর্ক রাখেন কিংবা জ্বালাও-পোড়াও ও নাশকতাকারীদের সহযোগিতা করেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দলের চেয়ারম্যান সারা দেশের নেতাকর্মীদের ফ্যাসিস্টদের সহযোগিতা না করার বার্তা দিয়েছেন। এ নির্দেশনা অমান্য করলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তারিকুল আলম তেনজিং বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ভবিষ্যতেও আওয়ামী লীগকে গোপনে সহায়তা, চিহ্নিত সন্ত্রাসী কিংবা নাশকতার মামলার আসামিদের সহযোগিতার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেলে তা যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তৃণমূলেও বহিষ্কারের ঘটনা
বিএনপির শুদ্ধি অভিযানের অংশ হিসেবে তৃণমূল পর্যায়েও একাধিক নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ১৯ থেকে ২২ নভেম্বর পাবনার বেড়া পৌর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় কয়েকজন আহত হন এবং আওয়ামী লীগের পাঁচ সমর্থককে আটক করে পুলিশ।
এরপর আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগে গত ২২ নভেম্বর রাতে বেড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করে পাবনা জেলা বিএনপি।
পরদিন ২৩ নভেম্বর আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভিযানে বাধা দেওয়ার অভিযোগে সিলেটের কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য ও লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফসর হোসেনকে বহিষ্কার করা হয়।
এ ছাড়া বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং তাদের আইনি সহায়তার অভিযোগে আরও কয়েকজনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
অঙ্গসংগঠনেও কঠোর অবস্থান
শুধু বিএনপি নয়, দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও একই ধরনের অভিযোগে ব্যবস্থা নিচ্ছে। সম্প্রতি কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের পর যুবদলের এক কর্মীকে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর মোশাররফ ভারতে পালিয়ে যান। পরে দেশে ফিরে কুমিল্লার বারপাড়া এলাকার যুবদল কর্মী আজহারুল ইসলাম সোহাগের বাড়িতে আশ্রয় নিয়ে গোপনে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার রাত ৩টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ ঘটনায় গত বুধবার আজহারুল ইসলামকে বহিষ্কার করে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল।
এ ছাড়া আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগে যুবদলের আরও কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। তবে অভিযোগের সত্যতা না পাওয়ায় কয়েকজনের বহিষ্কারাদেশ পরবর্তী সময়ে প্রত্যাহারও করা হয়েছে।
যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম সোহেল বলেন, তৃণমূল পর্যায়ে কিছু অভিযোগ পাওয়া গিয়েছিল। সেগুলোর বিষয়ে সংশ্লিষ্ট জেলাগুলোকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আওয়ামী লীগ কিংবা ফ্যাসিস্টদের সহযোগিতার অভিযোগে যে পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধেই তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১১ নভেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। মাধবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুর আলমকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে থানায় তদবির করার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
কেন্দ্রীয় নজরদারি বাড়ানোর দাবি
দলের তৃণমূলের একাংশের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতার ঘটনায় শুধু স্থানীয় পর্যায়ের নেতারা নন, প্রভাবশালী ব্যক্তিদের কারও কারও নামও আলোচনায় রয়েছে। ব্যক্তিগত ও আর্থিক স্বার্থে কেউ কেউ আওয়ামী লীগের সুবিধাভোগীদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও অভিযোগ উঠেছে।
তাদের মতে, শুধু তৃণমূল পর্যায়ে নয়, দলের সব পর্যায়ে অনুপ্রবেশকারী এবং ব্যক্তিস্বার্থে দলীয় পরিচয় ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে অভিযোগ যাচাইয়ের ক্ষেত্রে নিরপেক্ষতা ও কেন্দ্রীয় নজরদারি নিশ্চিত করতে হবে।
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কেউ যেন সহযোগিতা না করেন, সে বিষয়ে কেন্দ্র থেকে সতর্ক করা হয়েছে। তারা যেন বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারেন, সে ব্যাপারেও কঠোর নির্দেশনা রয়েছে। কেউ সহযোগিতা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি নেতারা বলছেন, দলের ভাবমূর্তি রক্ষা, সাংগঠনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ত্যাগী নেতাকর্মীদের আস্থা ধরে রাখতেই এ অভিযান শুরু হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে পদ-পদবি কিংবা পরিচয় বিবেচনা না করে ব্যবস্থা নেওয়া হবে। ফলে আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোতে চলমান এই শুদ্ধি অভিযান আগামী দিনেও অব্যাহত থাকতে পারে।