পদ্মার ভয়াবহ ভাঙন থেকে জনপদ রক্ষায় ১ হাজার ৪০৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত তীররক্ষা বাঁধের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র তিন বছরের মাথায় বাঁধের শেষ প্রান্তে দেখা দিয়েছে ভাঙন। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ফেলা ৪০ হাজার ৫০০টি বালুভর্তি জিওব্যাগের বড় অংশও এক মাসের মধ্যে নদীর গভীরে তলিয়ে গেছে। এতে চরম ঝুঁকিতে পড়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার শতবর্ষী সুরেশ্বর বাজার, মাছঘাট ও লঞ্চঘাট।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে নতুন করে ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত কার্যকর ও টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া না হলে পদ্মার গর্ভে বিলীন হতে পারে সুরেশ্বরের দীর্ঘদিনের বাণিজ্যিক ঐতিহ্য। জীবিকা হারানোর শঙ্কায় রয়েছেন কয়েক শ জেলে, মাছ ব্যবসায়ী, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ী। একই সঙ্গে গুরুত্বপূর্ণ নৌযোগাযোগব্যবস্থাও হুমকির মুখে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাজিরা ও নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায় পদ্মার ভয়াবহ ভাঙনে বহু বসতবাড়ি, ফসলি জমি ও স্থাপনা নদীগর্ভে বিলীন হয়। এ পরিস্থিতিতে জনপদ রক্ষায় জাজিরার বিলাসপুরের শফিকাজীর মোড় থেকে নড়িয়ার সুরেশ্বর মাছঘাট পর্যন্ত ১০ দশমিক ২ কিলোমিটার তীররক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
২০১৯ সালে শুরু হওয়া প্রকল্পটির কাজ শেষ হয় ২০২৩ সালে। এতে ব্যয় হয় ১ হাজার ৪০৩ কোটি টাকা। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার তিন বছরের মাথায় গত ১ অক্টোবর বাঁধের শেষ প্রান্তে ভাঙন দেখা দেয়। এতে প্রায় ১৩৫ মিটার অংশ ধসে নদীতে বিলীন হয়ে যায়। একই সঙ্গে মাছবাজারের অন্তত ২০টি দোকান নদীগর্ভে চলে যায়। নতুন করে ভাঙনের আশঙ্কায় ব্যবসায়ীরা দোকানপাট প্রায় ২০০ মিটার দক্ষিণে সরিয়ে নেন।
সুরেশ্বর মাছবাজারের ব্যবসায়ী মোকলেস মোল্লা বলেন, প্রায় ৭০ বছর আগে পদ্মার তীরে মাছবাজারটি গড়ে ওঠে। বছর দশেক আগে এখানে ব্যাপক ভাঙন হয়েছিল। তিন বছর আগে বাঁধ নির্মাণ শেষ হওয়ায় তারা স্বস্তি পেয়েছিলেন। কিন্তু তিন বছরের মাথায় আবার ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে দোকানপাট সরিয়ে নিতে হয়েছে।
ভাঙন ঠেকাতে গত ২ অক্টোবর জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলার কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। ১৬ অক্টোবর পর্যন্ত ১৫ দিনে ভাঙনকবলিত ১৩৫ মিটার এলাকায় ৪০ হাজার ৫০০টি বালুভর্তি জিওব্যাগ ফেলা হয়। এতে ব্যয় হয় প্রায় দুই কোটি টাকা।
কিন্তু জরুরি প্রতিরক্ষা কার্যক্রমের এক মাস না পেরোতেই গত শুক্র ও শনিবার আবারও ওই এলাকায় ভাঙন দেখা দেয়। বৃষ্টিপাত ও নদীর তীব্র স্রোতে তীরের মাটি ধসে জিওব্যাগের বড় অংশ নদীর গভীরে চলে যায়। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধের পাশাপাশি জরুরি প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
সুরেশ্বর মাছঘাট এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলামের দোকানও এখন ভাঙনের ঝুঁকিতে। তিনি বলেন, এক মাস আগে বাঁধে ভাঙন দেখা দিলে পানি উন্নয়ন বোর্ড দ্রুত বালুর বস্তা ফেলে। এতে তারা কিছুটা আশ্বস্ত হয়েছিলেন। কিন্তু গত শুক্র ও শনিবারের বৃষ্টিতে নদীর তীর ধসে বালুর বস্তাগুলো তলিয়ে গেছে। এখন পুরো এলাকা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। আতঙ্কের মধ্যে দিন কাটছে তাদের।
স্থানীয়দের ভাষ্য, বিংশ শতাব্দীর শুরুর দিকে সুরেশ্বর ঘাটের বাণিজ্যিক গুরুত্ব বাড়তে শুরু করে। প্রায় ১২০ বছর ধরে ঘাটটি বিভিন্ন অঞ্চলের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পদ্মা, মেঘনা ও কীর্তিনাশা নদীর অববাহিকায় অবস্থিত শরীয়তপুরের মানুষের যোগাযোগব্যবস্থায় একসময় নৌপথই ছিল প্রধান ভরসা। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও চাঁদপুরসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতের অন্যতম কেন্দ্র ছিল সুরেশ্বর ঘাট।
পরবর্তী সময়ে ঘাটকে কেন্দ্র করে গড়ে ওঠে সুরেশ্বর বাজার ও মাছবাজার। প্রায় ৭০ বছর আগে জেলেরা পদ্মার তীরে মাছ কেনাবেচা শুরু করেন। ধীরে ধীরে এটি বড় মাছবাজারে পরিণত হয়। বর্তমানে এখানে প্রায় ৪০টি মাছের আড়ত, পাঁচটি বরফের দোকানসহ মাছ ব্যবসায়ী ও জেলেদের প্রয়োজনীয় সামগ্রীর বিভিন্ন দোকান রয়েছে।
প্রতিদিন ভোরে নৌকা নিয়ে জেলেরা ঘাটে আসেন। সকাল থেকে দুপুর পর্যন্ত মাছ কেনাবেচায় মুখর থাকে পুরো এলাকা। এ বাজার ঘিরে কয়েক শ জেলে, ব্যবসায়ী, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকা নির্ভরশীল। পাশাপাশি সুরেশ্বর লঞ্চঘাট দিয়ে প্রতিদিন বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন অসংখ্য যাত্রী।
সুরেশ্বর বাজারের ৭৫ বছর বয়সী ব্যবসায়ী বোরহানউদ্দিন বাবুর্চি প্রায় ৬০ বছর ধরে সেখানে ধান-চালের ব্যবসা করছেন। পদ্মার ভাঙাগড়ার দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, গত ৫০ বছরে বিভিন্ন সময়ে সুরেশ্বর বাজার চার দফা ভাঙনের কবলে পড়েছে। আগে এখানে বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। বিগত সরকার বাঁধ নির্মাণ করেছিল, কিন্তু সেই বাঁধেই এখন ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের গতি দেখে তারা আতঙ্কিত। জীবনের শেষ বয়সে এসে আবারও পদ্মার ভাঙনের মুখে পড়তে হয় কি না, সেই দুশ্চিন্তায় রয়েছেন।
নদীর গভীরতা বেড়ে যাওয়ায় ভাঙনের আশঙ্কা
পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের দাবি, চলতি বর্ষা মৌসুমের শুরু থেকেই সুরেশ্বর এলাকায় পদ্মার বিভিন্ন অংশে নদীর গভীরতা বাড়তে থাকে। গত অক্টোবরে চার দফা সমীক্ষায় বাঁধের কাছাকাছি নদীর তীরবর্তী অংশে ২০ থেকে ৩০ মিটার গভীরতা পাওয়া যায়। অথচ ওই এলাকায় স্বাভাবিক গভীরতা থাকার কথা ৩ থেকে ৭ মিটার। প্রকৌশলীদের মতে, নদীর তলদেশে অস্বাভাবিক গভীরতা সৃষ্টি হওয়ায় তীরের মাটি ধসে পড়ছে।
এ পরিস্থিতিতে ভাঙনকবলিত ১৬০ মিটার এলাকায় স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মাণের জন্য নতুন নকশা তৈরি করে অনুমোদনের জন্য পাঠানো হয়। নকশাটি ইতিমধ্যে অনুমোদন পেয়েছে। তবে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ বা সংস্কারের জন্য এখনো প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পাওয়ার পর কাজ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সজল পারভেজ বলেন, নড়িয়ার তীররক্ষা বাঁধের একটি অংশে ভাঙন দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে সেখানে বালুভর্তি জিওব্যাগ ফেলা হয়েছিল। গত দুই-তিন দিনের বৃষ্টিতে ওই জিওব্যাগের কিছু অংশ নদীর তলদেশে তলিয়ে গেছে। তবে সেগুলো ভেসে যায়নি; নদীর তলদেশে যে গভীরতা সৃষ্টি হয়েছে, সেখানে গিয়ে জমা হয়েছে।
তিনি আরও জানান, ভাঙনকবলিত স্থানটি স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। ইতিমধ্যে নকশা অনুমোদন হয়েছে। এখন ব্যয় নির্ধারণ করে বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।
তবে বরাদ্দ ও স্থায়ী সংস্কারের অপেক্ষায় থাকতে থাকতে পদ্মার ভাঙনে সুরেশ্বরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জনপদ হারিয়ে যায় কি না, সেই শঙ্কাই এখন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সবচেয়ে বড় উদ্বেগ।