আজ , , ,

নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীলের চেষ্টা চলছে: হুইপ অপু

দেশের ভেতরে ও বাইরে থেকে সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেন, দেশের শান্তিশৃঙ্খলা নষ্ট করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা করছে পতিত আওয়ামী লীগের দোসররা।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতু-ভাঙ্গা মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

হুইপ অপু বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের শাসনামলে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। শিশু, নারী, বৃদ্ধ, তরুণ শিক্ষার্থী, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী মানুষও রেহাই পাননি। নৃশংসভাবে মানুষ হত্যার পর তারা দেশ ছেড়ে পালিয়েছে। এখন প্রতিবেশী একটি দেশে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছে। গত কয়েক সপ্তাহ ধরে দেশে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি পালন করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিরপরাধ ও শান্তিপ্রিয় মানুষকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে কাজ করছেন। কোনো অপশক্তি যেন দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

শরীয়তপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হুইপ বলেন, জেলার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে শান্তিশৃঙ্খলা নিশ্চিত করতে চায় সরকার। পেট্রলবোমা নিক্ষেপ, গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ কিংবা বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে কেউ যেন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পদ্মা সেতু এলাকার নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, শরীয়তপুর ও পদ্মা সেতু এলাকা শান্তিপূর্ণ রাখা জরুরি। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতামূলক সব কর্মকাণ্ডে তারা পাশে থাকবেন।

হুইপ অপু বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে শান্তিশৃঙ্খলা রক্ষা সম্ভব নয়, এ ক্ষেত্রে সাধারণ মানুষকেও সচেতন ও সম্পৃক্ত করতে হবে। দেশের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই শরীয়তপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আজকের পদযাত্রায় অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, তারা কোনো লকডাউন, শাটডাউন কিংবা সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করেন না। সব শ্রেণি-পেশার মানুষ মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করুক, সেটিই তাদের প্রত্যাশা। দেশের সব গণতান্ত্রিক ও শান্তিপ্রিয় মানুষকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিক্ষোভ মিছিলে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দিন কালুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com