আজ , , ,

শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনার ওপর সেতু নির্মাণে বড় অগ্রগতি

শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ আরও এক ধাপ এগিয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে প্রস্তাবিত এ সেতু নির্মাণের প্রক্রিয়া এগিয়ে নিতে পরামর্শক নিয়োগের চুক্তি করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এ প্রকল্পে পরামর্শক সেবা দেবে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। চুক্তি অনুযায়ী, ‘ট্রানজেকশন অ্যাডভাইজরি সার্ভিসেস ফর দ্য কনস্ট্রাকশন অব ব্রিজ ওভার দ্য মেঘনা রিভার অন শরীয়তপুর-চাঁদপুর রোড অন পিপিপি বেসিস’ শীর্ষক পরামর্শক সেবা দেবে আইআইএফসি।

অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে পরামর্শক সেবার কাজ শেষ করতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে প্রকল্পের কাজে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

মোহাম্মদ আবদুর রউফ বলেন, প্রস্তাবিত সেতুটি পিপিপি মডেলে বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশ-জাপান অষ্টম প্ল্যাটফর্ম সভায় সিদ্ধান্ত হয়েছে। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, জাপান সরকারের মনোনীত প্রতিষ্ঠান মিয়াগাওয়া-কেনসেতসু ও জাপান ব্রিজ কোম্পানি সেতুটি নির্মাণ করবে।

আইআইএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে পরামর্শক সেবার কার্যক্রম শেষ করতে সর্বাত্মক চেষ্টা চালাবে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে আগের কাজগুলোর ধারাবাহিকতায় এ প্রকল্পেও পেশাগত উৎকর্ষ ও গুণগত মান নিশ্চিত করা হবে।

চুক্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী আবুল হোসেন এবং আইআইএফসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান স্বাক্ষর করেন।

এ সময় সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও আইআইএফসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত সেতুটি বাস্তবায়িত হলে শরীয়তপুর ও চাঁদপুরের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত, পণ্য পরিবহন ও আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com