আজ , , ,

পরীক্ষার নামে টাকা আদায়ের অভিযোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, প্রধান শিক্ষকের ভিন্ন দাবি

শরীয়তপুরের গোসাইরহাটে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ টাকা এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৬০ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। তবে প্রধান শিক্ষকের দাবি, পরীক্ষার ফি নয়, বিদ্যালয়ের মিলাদ আয়োজনের জন্য এ টাকা নেওয়া হয়েছে।

এদিকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় অনুষ্ঠানের জন্য অতিরিক্ত ২০০ টাকা আদায়ের অভিযোগও উঠেছে। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

সম্প্রতি গোসাইরহাট উপজেলার ২ নম্বর দাসের জঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গোসাইরহাট উপজেলার ৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ১ ডিসেম্বর থেকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ২ নম্বর দাসের জঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কহিনুর ইয়াসমিনের নির্দেশে সহকারী শিক্ষক গেলমানুল হক ও মো. শাহজাহান শিক্ষার্থীদের কাছ থেকে টাকা সংগ্রহ করেন বলে অভিযোগ উঠেছে।

বিদ্যালয়টিতে বর্তমানে ৩৯৩ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে শিশু শ্রেণিতে ৪৫ জন, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ১২৬ জন এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ২২২ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জুবায়ের আদর ও আব্দুল মাজেদ জানায়, প্রধান শিক্ষক ও তাদের শ্রেণিশিক্ষক গেলমানুল স্যার পরীক্ষার ফির কথা বলে ৬০ টাকা করে নিয়েছেন। পরে শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ টাকা পরীক্ষার জন্য নয়, মিলাদের আয়োজনের জন্য নেওয়া হয়েছে।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মোসাম্মৎ মারিয়া, অদ্রিজা কর্মকার তুলি ও মিতু জানায়, তাদের কাছ থেকে বার্ষিক পরীক্ষার ফি বাবদ ৬০ টাকা এবং বিদায় অনুষ্ঠানের জন্য ২০০ টাকা করে নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার নিয়ম নেই। তারপরও পরীক্ষার ফির কথা বলে টাকা আদায় করা হয়েছে। পাশাপাশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় অনুষ্ঠানের জন্য ২০০ টাকা নেওয়া হয়েছে। এভাবে শিশুদের কাছ থেকে টাকা আদায় করা ঠিক হয়নি।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক গেলমানুল হক ও মো. শাহজাহান বলেন, প্রধান শিক্ষক তাদের জানিয়েছেন, সরকার থেকে পরীক্ষা পরিচালনার জন্য কোনো বরাদ্দ না থাকায় আপাতত শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিতে হবে। সে অনুযায়ী তারা টাকা নিয়েছেন। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ৬০ টাকার মধ্যে স্কাউট কার্যক্রমের জন্য ১০ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ২০০ টাকা বিদায় অনুষ্ঠানের আয়োজনের জন্য নেওয়া হয়েছে।

তবে পরীক্ষার ফি হিসেবে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক কহিনুর ইয়াসমিন বলেন, তারা পরীক্ষার ফি হিসেবে টাকা নেননি, নিয়েছেন বিদ্যালয়ের মিলাদের জন্য। বিগত দুই বছর ধরে তাদের পিইডিপি-৪ (চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি) বন্ধ রয়েছে। এখন পিইডিপি-৫ চালু হলে তারা বরাদ্দ পেতে পারেন। বরাদ্দ পাওয়া গেলে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়া হতে পারে। অভিভাবক ও শিক্ষার্থীরা বিষয়টি ভুল বুঝছেন বলেও দাবি করেন তিনি।

বিদায় অনুষ্ঠানের মিলাদের জন্য বিদ্যালয়ের সব শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, অন্য শ্রেণির শিক্ষার্থীরাও মিলাদে অংশ নেবে। এ কারণে তাদের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে।

তবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে মিলাদের জন্য ২০০ টাকার পাশাপাশি আরও ৬০ টাকা নেওয়ার কারণ জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, তারা শ্রেণিকক্ষ সাজাবে। তবে অতিরিক্ত টাকা কোন খাতে নেওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি।

এ বিষয়ে গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনির উজ্জামান খান বলেন, বার্ষিক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার কোনো বিধান নেই। এটি সম্পূর্ণ অবৈধ। ২ নম্বর দাসের জঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে ফি নেওয়ার বিষয়টি তিনি কিছুক্ষণ আগে জানতে পেরেছেন।

তিনি আরও বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com