আজ , , ,

ছাত্রদল নেতা জনি হত্যা মামলা: গাজীপুর থেকে সাবেক পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেফতার

‘বন্দুকযুদ্ধের’ নামে সাজানো ঘটনা তৈরি করে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে তাঁকে গ্রেফতার করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাহিদার পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাহিদার ভিত্তিতে পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে।

আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তাঁর বাড়ি ঝালকাঠি জেলায়। সর্বশেষ তিনি গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।

মামলার অভিযোগ অনুযায়ী, রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে পুলিশ ধরে নিয়ে যায়। সে সময় তাঁর সঙ্গে ছাত্রদল নেতা মহিউদ্দিনও ছিলেন।

পরদিন ভোররাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধের’ নামে সাজানো ঘটনায় জনিকে হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর একই বছরের সেপ্টেম্বরে ছেলে হত্যার বিচার চেয়ে মামলা করেন জনির বাবা মো. ইয়াকুব আলী।

মামলায় সাবেক ও বর্তমান ১৩ জন পুলিশ কর্মকর্তাসহ মোট ৬২ জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে ৪৯ জন আওয়ামী লীগ এবং দলটির বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বলে মামলায় উল্লেখ রয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

মামলাটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদের গ্রেফতারের পর তাঁকে ট্রাইব্যুনালে হাজির করার প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com