আজ , , ,

‘একটা মারলে দুইটা মারব’, জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার

দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে জামায়াতে ইসলামী বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজা। ‘একটা মারলে দুইটা মারব’—এমন বক্তব্যসংবলিত একটি ফটোকার্ড নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার কিছু আগে নিজের ফেসবুক পেজে হাস্যোজ্জ্বল একটি ছবি দিয়ে ফটোকার্ডটি প্রকাশ করেন তিনি। এতে লেখা ছিল, ‘একটা মারলে দুইটা মারব! কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব।’

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘সবর-মবর এখন বাদ। না, না, কোনো সবর নেই। দরকার হলে জামায়াত ছেড়ে দেব। মার খাওয়ার মধ্যে নেই, মার খাওয়ার মধ্যে নেই। একটা মারবে, দুইটা মারব, সেই ব্যবস্থা…।’

তবে শুক্রবার রাত সাড়ে ১০টার পর ফটোকার্ডটি তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সরিয়ে নেওয়া হয়। সরিয়ে নেওয়ার আগে ফটোকার্ডটিতে প্রায় ২১ হাজার ৮০০ রিঅ্যাকশন, ১ হাজার ৯০০ মন্তব্য এবং ৪৮৩টি শেয়ার পড়েছিল।

যে ঘটনায় ক্ষুব্ধ আমির হামজা

জানা গেছে, গত বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় শহর জামায়াতের ইউনিট সদস্য ও দল মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহানের অফিস ও বাড়িতে হামলার ঘটনা ঘটে।

এ সময় ব্যাপক ভাঙচুর করা হয় এবং দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে বলে জানা গেছে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তলের পাঁচ রাউন্ড তাজা গুলি ও সাতটি গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর ছয়জন স্থানীয় কর্মী আহত হন। তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আমির হামজা বলেন, ‘আমি সেখানে বলে এসেছি, যত দিন রাস্তা ঠিক না হবে, তত দিন এখানে কোনো ডাম্প ট্রাক চলবে না।’

এর কয়েক দিনের মধ্যেই জামায়াতের স্থানীয় কার্যালয় ও কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহানের বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এদিকে ফেসবুকে দেওয়া বক্তব্য এবং পরে ফটোকার্ড সরিয়ে নেওয়ার বিষয়ে জানতে সংসদ সদস্য মুফতি আমির হামজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

Share this news as a Photo Card

Share and Enjoy !

Shares

০২ এপ্রিল ২০২৬

দশম বছরে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ : উচ্ছ্বাসে ভাসলো বর্ষপূর্তি আয়োজন

www.janadristi.com